তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য

তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য

তারকাহীন কিউইদের আত্মবিশ্বাস, তরুণদের নিয়েই সিরিজ জয়ের লক্ষ্য

তারকাদের অনুপস্থিতি, অনভিজ্ঞতার চাপ আর ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জ সব মিলিয়ে কাগজে-কলমে কিছুটা পিছিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তবে এই সীমাবদ্ধতার মাঝেই সম্ভাবনার আলো দেখছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম, যিনি তরুণদের নিয়েই সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম সারির অন্তত ১০ জন ক্রিকেটার বর্তমানে আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় একঝাঁক তরুণ নিয়ে বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড দল। পরিসংখ্যান বলছে, বর্তমান স্কোয়াডের মাত্র তিনজনের রয়েছে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। এমন বাস্তবতায় দলটি কিছুটা অনভিজ্ঞ হলেও এটিকে সম্ভাবনার জায়গা হিসেবেই দেখছেন ল্যাথাম।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দল গঠনের এই বাস্তবতা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন কিউই অধিনায়ক। তরুণদের জন্য এটি যে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ, সেটিও জোর দিয়ে তুলে ধরেন তিনি। ল্যাথাম বলেন, ‘আমাদের দলটি কিছুটা অনভিজ্ঞ হতে পারে, তবে এটি নতুনদের জন্য নিজেদের মেলে ধরার দুর্দান্ত সুযোগ। কেন (উইলিয়ামসন) অধিনায়ক হিসেবে যা করেছে এবং আমরা দল হিসেবে যা করছি, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আমরা খেলা চালিয়ে যেতে চাই।’

স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায়, অধিনায়ক টম ল্যাথাম নিজে, হেনরি নিকোলস এবং উইল ইয়ং ছাড়া আর কারো বাংলাদেশের কন্ডিশনে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতার এই ঘাটতিই সিরিজের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই সীমাবদ্ধতাকে দুর্বলতা নয়, বরং দলের ভবিষ্যৎ গড়ার সুযোগ হিসেবেই দেখছেন ল্যাথাম।

তার মতে, ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আসা এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে কিউই ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নতুনদের আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞ করে তোলার জন্য এমন সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও দলের ভেতরে কিছুটা স্বস্তির জায়গা আছে বলেও মনে করছেন ল্যাথাম। নিক কেলি, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, আদিত্য অশোক এবং জেডেন লেনক্স এই পাঁচ ক্রিকেটার এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করেছেন। ফলে এখানকার উইকেট ও আবহাওয়ার সঙ্গে তাদের পরিচিতি রয়েছে, যা মূল দলে কাজে লাগতে পারে।

বাংলাদেশকে তাদের ঘরের মাঠে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে দেখছেন ল্যাথাম। বিশেষ করে পেস আক্রমণের গভীরতা নিয়ে আলাদা করে সতর্ক কিউই অধিনায়ক। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং শক্তি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরতে গিয়ে ল্যাথাম বলেন, ‘বাংলাদেশের পেস ইউনিট এখন বেশ অভিজ্ঞ। বিশেষ করে এই কন্ডিশনে তারা দারুণ কার্যকর। একইসাথে আমাদের স্পিন সামলানোর জন্যও প্রস্তুত থাকতে হবে।‘’

পেস আক্রমণের পাশাপাশি ঢাকার তীব্র গরমকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। নিউজিল্যান্ডের শীতল আবহাওয়া থেকে এসে এমন দাবদাহে দীর্ঘ সময় মাঠে থাকা সহজ নয়। তবে সব প্রতিকূলতার মাঝেও ল্যাথামের বিশ্বাস, তরুণরা যদি নির্ভীক ক্রিকেট খেলতে পারে, তাহলে এই কন্ডিশনেও সিরিজ জয় সম্ভব।