পরিবর্তনের ঝড়েও অটুট প্রস্তুতি, আশাবাদী মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পরিবর্তনের ঝড়েও অটুট প্রস্তুতি, আশাবাদী মিরাজ

পরিবর্তনের ঝড়েও অটুট প্রস্তুতি, আশাবাদী মিরাজ

পরিবর্তনের ঝড়েও অটুট প্রস্তুতি, আশাবাদী মিরাজ

মাঠের লড়াই থেকে বোর্ডরুম বাংলাদেশ ক্রিকেটে এক অদ্ভুত সমীকরণ এখন দৃশ্যমান। যে তামিম ইকবালের অধীনে দীর্ঘদিন খেলেছেন মেহেদী হাসান মিরাজ, এবার সেই তামিমই বিসিবি সভাপতি, আর তার অধীনেই ওয়ানডে দলের নেতৃত্বে মিরাজ। সম্পর্কের এই পরিবর্তনকে সুযোগ হিসেবেই দেখছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

দীর্ঘ সময় জাতীয় দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ও মিরাজের। সেই অভিজ্ঞতা থেকেই নতুন ভূমিকায়ও সমন্বয়ের জায়গা দেখছেন অধিনায়ক। তার বিশ্বাস, মাঠের বাস্তবতা খুব কাছ থেকে জানা একজন সভাপতি ক্রিকেটারদের প্রয়োজন ও মানসিকতা আরও ভালোভাবে বুঝতে পারবেন।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সময় আচমকাই ওয়ানডে দলের অধিনায়কত্ব পান মিরাজ। এমন পরিবর্তনের মধ্যেও দলের প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলেই জানালেন মিরাজ। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতির চিত্র তুলে ধরে তিনি বলেন,

‘আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে বাইরে কী হয়, সেসব আমাদের মাথায় ওভাবে প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা। গত তিন সপ্তাহে যেভাবে অনুশীলন হয়েছে, আমার কাছে মনে হয় অনেক ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। বাইরে কী হয়েছে, এটি নিয়ে আমরা কখনোই চিন্তা করিনি।’

তবে বোর্ডের শীর্ষ পদে তামিমের আসীন হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই অলরাউন্ডার। তার মতে, একজন সদ্য সাবেক ক্রিকেটার হিসেবে তামিম বর্তমান খেলোয়াড়দের চাহিদা ও মানসিকতা খুব সহজেই অনুধাবন করতে পারবেন। এই প্রসঙ্গে মিরাজ বলেন, 

‘আমার কাছে মনে হয় যে, যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন। সাম্প্রতিক সময়ে আমাদের কী চাহিদা আছে এবং আমরা কী পছন্দ করি যেহেতু তিনি সম্প্রতি খেলা ছেড়েছেন, এটি ক্রিকেটারদের জন্য একটি ইতিবাচক দিক।’

নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে, কারণ আগের বোর্ডের দেওয়া দায়িত্ব নতুন বোর্ড পরিবর্তন করতে পারে। যদিও এই বিষয়ে সরাসরি কিছু না বলেই কিছুটা কৌশলী অবস্থান নেন মিরাজ। সভাপতির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 

'প্রেসিডেন্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল। আমাদের দলটা ভালো করছে দেখে তিনি আমাদের বুস্ট আপ করেছেন। বলেছেন যে, আমরা যেভাবে খেলছি, এভাবেই ভালো ক্রিকেট খেলে যেতে হবে।’