বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 14 মিনিট আগে
বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ

বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ

বাংলাদেশকে হারানোর প্রতিশোধ নয়, বাস্তবতায় থাকতে চান শান মাসুদ

দুই বছর আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সেই স্মৃতি এখনো দুই দলের ক্রিকেট আলোচনায় ঘুরেফিরে আসে। এবার সেই পাকিস্তান দলই বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছে, আর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে “প্রতিশোধ” প্রসঙ্গ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রতিপক্ষের বিপক্ষে অতীতের হার ঘিরে “প্রতিশোধ” শব্দটি প্রসঙ্গে তার অবস্থান ছিল স্পষ্ট। এ বিষয়ে তিনি বলেন,

“আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধ শব্দটি ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, সেজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল, তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জয়ের দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পারফরম্যান্সও সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি চক্রের কোনোটিতেই তারা পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ চক্রও শেষ হয়েছিল তালিকার একেবারে নিচের দিক থেকে। তবে একই দিনে দলের পেসার শাহিন আফ্রিদি জানিয়েছিলেন, পাকিস্তান এখন কেবল বাংলাদেশ সিরিজেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

তবে অধিনায়ক শান মাসুদ ভবিষ্যতের বড় স্বপ্ন নিয়ে এখনই ভাবতে রাজি নন। দলীয় লক্ষ্য নিয়ে তিনি বলেন,

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।”