বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার

বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার

বোকামি করেছি- ড্রিংক ড্রাইভিং ইস্যুতে অনুতপ্ত ওয়ার্নার

ইস্টার সানডেতে বন্ধুদের সঙ্গে কয়েক গ্লাস ওয়াইন পান করার পর গাড়ি চালিয়ে বড় ভুল করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার এমনটাই আদালতে জানিয়েছেন তার আইনজীবী ববি হিল।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে রোডসাইড অ্যালকোহল টেস্টের আগে গাড়ি থামান ওয়ার্নার। পরে তাকে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হলে দ্বিতীয় ব্রেথ টেস্টে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি।

এ ঘটনায় ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে ‘মিড-রেঞ্জ ড্রিংক ড্রাইভিং’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ওয়েভারলি লোকাল কোর্টে মামলার প্রথম শুনানিতে তাকে হাজির হতে হয়নি। তবে তার আইনজীবী জানিয়েছেন, পরবর্তী সময়ে ওয়ার্নার দোষ স্বীকার করতে পারেন।

আদালতের বাইরে সাংবাদিকদের হিল বলেন, “সে জানে সে ভুল করেছে। উবার নেওয়ার বদলে গাড়ি চালানোর সিদ্ধান্ত ছিল বোকামি ও দায়িত্বজ্ঞানহীন।”

তিনি জানান, এক বন্ধুর বাসায় তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার। তবে তার শেষ পানীয় গ্রহণের মাত্র ১১ মিনিট পর পুলিশ তাকে থামায় এবং দ্বিতীয় ব্রেথ টেস্ট নিতে ৫২ মিনিট সময় নেয় বলেও দাবি করেন তিনি।

হিল আরও বলেন, “ঈস্টারের দিনে এক গ্লাস ওয়াইন পান করা অপরাধ নয়। কিন্তু নিজের বিচার-বিবেচনার ওপর অতিরিক্ত ভরসা করেই সে ভুল করেছে।”

ঘটনার জন্য অনুতপ্ত ওয়ার্নার সাধারণ নাগরিকের মতোই শাস্তি মেনে নেবেন বলেও জানান তার আইনজীবী।

এই ঘটনার পর সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জারমন বলেছেন, “অভিযোগগুলো উদ্বেগজনক এবং আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা নিরাপদ ড্রাইভিংয়ের পক্ষে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর নয়।”

গ্রেপ্তারের সময় পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছিলেন ওয়ার্নার। পরে আবার পাকিস্তানে ফিরে টুর্নামেন্টে অংশ নেন এবং ব্যাট হাতে গড় ছিল ৫১.২।

অস্ট্রেলিয়ার হয়ে ১১২টি টেস্টে ৮ হাজার ৭৮৬ রান করেছেন ওয়ার্নার। ২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি ওপেনারের সর্বোচ্চ ইনিংস ছিল পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩৫ রান।

তবে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে বড় বিতর্কের জন্ম দেন ওয়ার্নার। তদন্তে প্রমাণিত হয়, তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নারই স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনার মূল হোতা ছিলেন। সেই ঘটনায় তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

ওয়ার্নারের মামলার পরবর্তী শুনানি আগামী ২৪ জুন।