টসের আগ মুহূর্তে দলে, পারফরম্যান্সে নজর কাড়লেন শরিফুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টসের আগ মুহূর্তে দলে, পারফরম্যান্সে নজর কাড়লেন শরিফুল

টসের আগ মুহূর্তে দলে, পারফরম্যান্সে নজর কাড়লেন শরিফুল

টসের আগ মুহূর্তে দলে, পারফরম্যান্সে নজর কাড়লেন শরিফুল

হুট করেই বদলে যাওয়া ভাগ্য, আর সেই সুযোগকে নিজের করে নেওয়ার গল্প নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শরিফুল ইসলামের দিনটা যেন ঠিক এমনই নাটকীয়তায় ভরা ছিল।

ওয়ার্মআপে মুস্তাফিজুর রহমান চোটে পড়ার আগে পর্যন্ত একাদশে থাকার কোনো সম্ভাবনাই ছিল না এই বাঁহাতি পেসারের, কিন্তু শেষ মুহূর্তের সেই পরিবর্তনই তাকে ঠেলে দেয় ম্যাচের কেন্দ্রবিন্দুতে।

টসের মাত্র কয়েক সেকেন্ড আগে নিজের খেলার খবর জানা এবং দ্রুত প্রস্তুতি নেওয়ার সেই অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে শরিফুল বলেন, ‘টস হওয়ার ঠিক এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হলো, আমি খেলব।'

হঠাৎ সুযোগ পাওয়ার পর কীভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন এবং সতীর্থদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি, ‘আমি তাসকিন ভাই আর রিশাদ ভাইকে বলছিলাম, আজকের ম্যাচটা আমার রিজিকে আছে। তারপর দ্রুত রানআপ মেপে ওয়ার্ম-আপ বোলিং শুরু করি। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগটা দিয়েছেন।’

ম্যাচে পুরো ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি, পাশাপাশি করেন ৪২টি ডট বল। পাওয়ারপ্লেতেই ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন এই পেসার।

নিজের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে দলীয় ফলাফলকে বেশি গুরুত্ব দিয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে মোটামুটি ভালো বোলিং করেছি। কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা হেরেছি, তাই অবশ্যই খারাপ লাগছে।’

তিনি আরো বলেন, ‘দেখেন, একজন পেশাদার হিসেবে স্কোয়াডে থাকা ১৫ জনই সবসময় ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকি। শেষ সিদ্ধান্তটা কোচিং স্টাফের। তারা যাদের নিয়ে দল সাজাবেন, আমরা সেটাই মেনে মাঠে নামব। আমাদের কাজ হলো সবসময় প্রস্তুত থাকা।’

দীর্ঘ প্রায় ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরে আসায় মানিয়ে নেওয়াটা সহজ ছিল না শরিফুলের জন্য, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যস্ত সময় কাটানোর পর।

নিজের প্রস্তুতি ও চ্যালেঞ্জের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। তারপর একটা গ্যাপ ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলে ছিলাম না। কিন্তু আমি সবসময় বেসিক কাজগুলো করার চেষ্টা করে গেছি, যেন সুযোগ এলে ভালো করতে পারি।’