বৃষ্টিতে ভেসে গেল চট্টগ্রাম টি-টোয়েন্টি, সিরিজের ফয়সালা মিরপুরে
বৃষ্টিতে ভেসে গেল চট্টগ্রাম টি-টোয়েন্টি, সিরিজের ফয়সালা মিরপুরে
বৃষ্টিতে ভেসে গেল চট্টগ্রাম টি-টোয়েন্টি, সিরিজের ফয়সালা মিরপুরে
চট্টগ্রামে বৃষ্টিই শেষ পর্যন্ত কেড়ে নিল সিরিজ নির্ধারণের আগের উত্তেজনা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
অবিরাম বর্ষণের কারণে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। দুই দলের অধিনায়ককে ডেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়, ফলে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি আর আয়োজন করা সম্ভব হয়নি।
বুধবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই বৃষ্টির বাধা ছিল। নির্ধারিত সময়ে দুই দল মাঠে উপস্থিত হলেও টস পর্যন্ত গড়ায়নি পরিস্থিতি, কারণ আবহাওয়া অনুকূলে আসেনি এক মুহূর্তের জন্যও।
সকালের হালকা বৃষ্টির পর দুপুর গড়াতেই তা রূপ নেয় ভারী বর্ষণে। ম্যাচ শুরুর জন্য বিকাল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষার সুযোগ থাকলেও, পরিস্থিতির উন্নতির সম্ভাবনা না থাকায় বিকাল ৪টা ১৫ মিনিটেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তবুও গ্যালারিতে কিছু দর্শককে দেখা গেছে আশায় বুক বেঁধে থাকতে। কেউ ছাতা নিয়ে, কেউ বা ভিজেই অপেক্ষা করেছেন ম্যাচ শুরুর জন্য। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। বিসিবি জানিয়েছে, অনলাইনে টিকিট কাটা দর্শকদের অর্থ ফেরত দেওয়া হবে।
এর আগের দিনও চট্টগ্রামে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এর প্রভাব পড়ে দুই দলের প্রস্তুতিতেও নিউজিল্যান্ড ইনডোরে অনুশীলন করলেও বাংলাদেশ দল অনুশীলনে নামেনি।
এতে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ম্যাচে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
