তামিম ডাকলে বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তামিম ডাকলে বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন

তামিম ডাকলে বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন

তামিম ডাকলে বিসিবিতে ফিরতে প্রস্তুত সুজন

বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক পরিমণ্ডলে আবারও পরিচিত এক নামের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। দীর্ঘ সময় বোর্ড পরিচালনা এবং ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত থাকা খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছেন, সুযোগ পেলে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করতে প্রস্তুত তিনি।

ক্রিকেটার থেকে সংগঠক দুই ভূমিকাতেই দীর্ঘ অভিজ্ঞতা থাকা সুজন স্পষ্ট করেছেন, ক্রিকেটই তার জীবনের মূল স্রোত। ছোটবেলা থেকেই মাঠের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা এবং খেলা ছাড়ার পর কোচিং ও প্রশাসনে যুক্ত থাকার প্রসঙ্গ টেনে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। এ সময় নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ জানিয়ে 

তিনি বলেন, "যেহেতু আমি ক্রিকেটের মানুষ, ১৩-১৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি, ক্রিকেট মাঠ ছাড়িনি। ক্রিকেট খেলা ছাড়ার পর কোচিংয়ে এসেছি, সংগঠক হিসেবে আমি এত বছর ধরে কাজ করছি। আমার অভিজ্ঞতা যদি তামিম চায়, অবশ্যই এটা না করার কিছু নেই।"

এর আগে, প্রায় দুই বছর পর বোর্ড প্রাঙ্গণে তার উপস্থিতিও নতুন করে আলোচনার জন্ম দেয়। বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আহ্বানে সাড়া দিয়ে ২১ মাস পর বিসিবিতে গিয়েছিলেন সুজন, যা সম্ভাব্য পুনরাগমনের ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে।

দীর্ঘ সময় বোর্ডের বাইরে থাকার পেছনে কোনো ব্যক্তিগত ক্ষোভ বা অভিমান ছিল কি না এমন প্রশ্নের জবাবে দেশের সামগ্রিক পরিস্থিতির কথাই তুলে ধরেন তিনি। ব্যক্তিগত অনুভূতির চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে সুজন বলেন, 

"আমার আসলে রাগ-অভিমান ছিল না। দেশের প্রেক্ষাপটই এরকম, বলে আসলে লাভ নেই। আমাদেরকে এটা মেনে নিতে হবে। আমরা কী কাজ করতে পেরেছি বিসিবিতে, ভালো কিছু করতে পেরেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ।"

নিজের দায়িত্ব পালনকালীন কাজের মূল্যায়ন প্রসঙ্গে সুজন সরাসরি কোনো দাবি না তুলে বিচারভার সাধারণ মানুষের ওপরই ছেড়ে দেন। নিজের প্রচেষ্টা এবং দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, 

"আমি মনে করি আমার মেয়াদে ক্রিকেটের জন্য শতভাগ এফোর্ট দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি। পেরেছি নাকি পারিনি সেটা বিচার করার দায়িত্ব মানুষের। আমি আমার ঢোল পেটালে তো হবে না।"

এদিকে, বর্তমান বোর্ড সভাপতির দায়িত্বে থাকা তামিম ইকবালের নেতৃত্ব ও পরিকল্পনা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন সুজন। অন্তর্বর্তীকালীন দায়িত্বে থেকেও দলগতভাবে কাজ করার মানসিকতা রয়েছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে সুজন বলেন, 

"আমি মনে করি তামিমকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। তামিম মনে হয় সিদ্ধান্ত নিতে পারবে এবং সবার সাথে মিলে কাজ করতে পারবে। তামিমের ইচ্ছেও সেটা, যে ও একা কিছু করতে চায় না। সবাইকে নিয়ে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ওর সেই চিন্তা আছে।"