জাতীয় দলের ডাক, শীর্ষে রেখেই পিএসএল ছাড়ছেন নাহিদ-শরিফুল
জাতীয় দলের ডাক, শীর্ষে রেখেই পিএসএল ছাড়ছেন নাহিদ-শরিফুল
জাতীয় দলের ডাক, শীর্ষে রেখেই পিএসএল ছাড়ছেন নাহিদ-শরিফুল
পাকিস্তানের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স রেখে বিদায় নিতে হচ্ছে বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে, জাতীয় দলের দায়িত্ব ডাক দিতেই মাঝপথেই শেষ হচ্ছে তাদের পিএসএল অভিযান।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে থাকায় চাইলেও আর পাকিস্তান সুপার লিগে খেলা চালিয়ে যেতে পারছেন না এই দুই ক্রিকেটার। ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে হচ্ছে তাদের।
বিদায়ের আগে অবশ্য নিজেদের ছাপ রেখে গেছেন দুজনই। সোমবার পেশোয়ার জালমির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।
ডানহাতি পেসার নাহিদ রানা চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট, যা ম্যাচে বড় পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে শরিফুল ইসলাম উইকেটশূন্য থাকলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে চার ওভারে খরচ করেন ২৭ রান।
পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ছিলেন নাহিদ। চার ম্যাচে তার ঝুলিতে জমা হয়েছে ৭ উইকেট, যেখানে ওভারপ্রতি খরচ মাত্র ৫.৪২ রান।
শরিফুল এক ম্যাচ বেশি খেলে পেয়েছেন দুটি উইকেট। তবে রান খরচের দিক থেকে তিনিও ছিলেন মোটামুটি নিয়ন্ত্রিত, প্রতি ওভারে দিয়েছেন ৭.৯৩ রান।
আগামী বুধবার দেশে ফেরার কথা রয়েছে এই দুই পেসারের। জাতীয় দলের ডাকে সাড়া দিতে পিএসএল অধ্যায় আপাতত শেষ হচ্ছে তাদের জন্য।
তাদের বিদায়ের সময়টাও এসেছে স্বস্তির মধ্যেই। ছয় ম্যাচে পাঁচ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি।
একই সংখ্যক ম্যাচে চার জয় ও দুই হারে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুলতান সুলতানস।
