এনওসি বাড়ল শরিফুল-নাহিদের, পিএসএলে খেলবেন আরও এক ম্যাচ
এনওসি বাড়ল শরিফুল-নাহিদের, পিএসএলে খেলবেন আরও এক ম্যাচ
এনওসি বাড়ল শরিফুল-নাহিদের, পিএসএলে খেলবেন আরও এক ম্যাচ
পাকিস্তান সুপার লিগে আরও এক ম্যাচ খেলার সুযোগ পেলেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা, তাদের এনওসির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার এক সিদ্ধান্তে বিসিবি জানায়, জাতীয় দলের এই দুই বোলারের অনাপত্তিপত্র একদিনের জন্য বাড়ানো হয়েছে, যা তাদের চলমান পিএসএলে অংশগ্রহণ অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছে। মূলত তাদের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্তে সম্মতি দেয় বিসিবি।
এর আগে শরিফুল ও নাহিদের এনওসি ১২ এপ্রিল পর্যন্ত কার্যকর ছিল, ফলে ওই তারিখের পর তাদের দেশে ফেরার কথা ছিল। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, তারা ১৩ এপ্রিল পেশোয়ার জালমির হয়ে নির্ধারিত ম্যাচটিতে মাঠে নামতে পারবেন।
এই ম্যাচ শেষে আর দেরি না করে ১৪ এপ্রিল দেশে ফিরবেন এই দুই পেসার। দেশে ফিরেই তারা যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে, যেখানে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু হবে।
আসন্ন এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে গড়াবে ২০ এপ্রিল।
তিন ম্যাচের এই সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচও চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল।
শেষ ম্যাচটি খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল, যেখানে ২ মে শেরে বাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।
