ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স

ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স

ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশেষে ছন্দে ফিরেছেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে মুলতান সুলতান্সের বোলারদের ওপর চড়াও হয়ে লাহোর কালান্দার্সকে এক দুর্দান্ত জয় উপহার দিয়েছেন তিনি। ইমনের ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতে মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ রানের জয় পায় লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ঝড় তোলে লাহোর। প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ভুলে এদিন চেনা রূপে ফেরেন পারভেজ হোসেন ইমন। ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ নাওয়াজকে দুটি ছক্কা ও একটি চার মেরে আক্রমণের সূচনা করেন তিনি। পরের ওভারে ফয়সাল আকরামের প্রথম তিন বলেই তিনটি ছক্কা হাঁকান এই বাঁহাতি। মাত্র ১৯ বলে ৫টি ছক্কা ও ২ চারের সাহায্যে ২৩৬.৮৪ স্ট্রাইক রেটে ৪৫ রানের এক টর্নেডো ইনিংস খেলেন ইমন। যদিও মাত্র ৫ রানের জন্য ফিফটি পাননি তিনি।

ইমন ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড় থামাননি মোহাম্মদ নাঈম। তিনি ২৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তিনে নামা আব্দুল্লাহ শফিকের ১৪ বলে ৩৩ এবং সিকান্দার রাজার ৮ বলে অপরাজিত ১৩ রানের ওপর ভর করে ১৩ ওভারে ৩ উইকেটে ১৮৮ রানের পাহাড় গড়ে লাহোর।

১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন মুলতানের ওপেনার সাহিবজাদা ফারহান ও শান মাসুদ। তবে এই বিপজ্জনক হয়ে ওঠা জুটিকে থামান বাংলাদেশের 'কাটার মাস্টার' মুস্তাফিজুর রহমান। দলীয় ৫০ রানে ফারহানকে (২৪) ফিরিয়ে লাহোর শিবিরে স্বস্তি ফেরান তিনি। এরপর ৪৪ রান করে শান মাসুদ যখন ম্যাচ কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছিলেন, তখন তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান ফিজ।

মুস্তাফিজ ৩ ওভারে ৩৭ রান দিলেও ২ উইকেট নিয়ে মুলতানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। শেষদিকে অধিনায়ক অ্যাশটন টার্নার ২২ বলে ৫টি ছক্কায় ৫২ রানের অপরাজিত ইনিংস খেললেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে মুলতান সুলতান্স। ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাহোর কালান্দার্স।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স: ১৮৮/৩ (১৩ ওভার); নাঈম ৬০, ইমন ৪৫, শফিক ৩৩।

মুলতান সুলতান্স: ১৬৫/৫ (১৩ ওভার); টার্নার ৫২*, মাসুদ ৪৪; মুস্তাফিজ ২/৩৭।

ফল: লাহোর কালান্দার্স ২০ রানে জয়ী।