বুলবুলের দাবি সত্য নয়, সাফ জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
বুলবুলের দাবি সত্য নয়, সাফ জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড

বুলবুলের দাবি সত্য নয়, সাফ জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড

বুলবুলের দাবি সত্য নয়, সাফ জানিয়ে দিল ক্রিকেট আয়ারল্যান্ড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হলো। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার যে অনড় অবস্থানে তৎকালীন বিসিবি ছিল, তা নিয়ে এখন চলছে পাল্টাপাল্টি যুক্তি। এর মধ্যেই সাবেক বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি বড় দাবিকে সরাসরি ‘ভুল’ বলে উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

কী দাবি করেছিলেন বুলবুল?

সম্প্রতি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে পর্দার আড়ালে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হয়েছিল। বুলবুলের ভাষ্যমতে, বাংলাদেশের জন্য গ্রুপ পরিবর্তন করতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি ছিল এবং তারা লিখিতভাবে বিসিবিকে সমর্থনের কথা জানিয়েছিল।

প্রথম আলোর মাহমুদুল হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আইসিসিকে যখন লিখলাম, তখন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ই-মেইল দিয়েছিল যে আমরা তোমাদের সমর্থন দিতে তৈরি। গ্রুপ বদলাতে সমস্যা নেই। তারা শুধু কথা দেয়নি, লিখিত দিয়েছিল।'

ক্রিকেট আয়ারল্যান্ডের পাল্টা অবস্থান

বুলবুলের এই চাঞ্চল্যকর দাবির সত্যতা যাচাই করতে ক্রিকেট৯৭ যোগাযোগ করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে। তবে আইরিশদের পক্ষ থেকে যে উত্তর এসেছে, তা বুলবুলের দাবির সম্পূর্ণ বিপরীত।

আয়ারল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিশের পক্ষে মিডিয়া ম্যানেজার ক্রেইগ এজডোন ক্রিকেট৯৭কে স্পষ্ট জানিয়েছেন:

'দুর্ভাগ্যবশত, এই বিবৃতিটি সত্য নয়। আমরা কখনোই গ্রুপ পরিবর্তন কিংবা দল স্থানান্তরের পক্ষে ছিলাম না বা এ ধরনের কোনো সমর্থন দেইনি।'

আমার অনেক স্নেহের Mahmudul Hasan বাপ্পি আজ দারুণ এক ইন্টারভিউ নিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। মানে ইন্টারভিউটা ভালো, বিল্ড...

Posted by Shihab Ahsan Khan on Monday, April 13, 2026

প্রেক্ষাপট ও বাস্তবতা

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইসিসির মতো বড় টুর্নামেন্টে গ্রুপ পরিবর্তনের দাবি তোলা বা তা বাস্তবায়ন করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। সাধারণত বিশ্বকাপের সূচি এবং গ্রুপ চূড়ান্ত হওয়ার পর তা পরিবর্তনের কোনো নজির নেই, কারণ এর সাথে ব্রডকাস্টিং স্বত্ব, লজিস্টিকস এবং স্পনসরশিপের বিশাল বাণিজ্যিক বিষয় জড়িত থাকে। আয়ারল্যান্ডের মতো একটি বোর্ডের পক্ষে এককভাবে গ্রুপ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া বা তাতে সম্মতি দেওয়ার বিষয়টি তাই শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নেয়নি বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান এবং বিসিবির অভ্যন্তরীণ সমন্বয়হীনতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের মাঠ থেকে ছিটকে যেতে হয় টাইগারদের। গত ১২ ফেব্রুয়ারির বিসিবি নির্বাচনের পর অনেক নতুন তথ্য সামনে এলেও ক্রিকেট আয়ারল্যান্ডের এই সরাসরি প্রত্যাখ্যান বুলবুল ও তৎকালীন বোর্ডের অবস্থানকে আরও বড় ধরনের ইমেজ সংকটে ফেলে দিল।