নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

নিউজিল্যান্ডের সঙ্গে সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচে শেষ পর্যন্ত সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। নির্ধারণী লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা, ফলে সমতায় শেষ হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ কমে দাঁড়ায় ১৫ ওভারে, যা শুরু থেকেই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। সেই চাপে পড়ে নির্ধারিত ওভারের আগেই ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় টাইগাররা।

ব্যাটিং লাইনআপে দৃশ্যমান ছিল ধারাবাহিকতার অভাব। তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। হৃদয় ২৪ বলে করেন ৩৩ রান, লিটন ১৭ বলে ২৬ এবং সাইফ ১১ বলে যোগ করেন ১৬ রান। কিউইদের হয়ে জস ক্লার্কসন তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ভেঙে দেন।

১০৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। দলীয় ১২ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে তারা। কানতে ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্রুত ফিরলে ম্যাচে ফেরার ইঙ্গিত পায় বাংলাদেশ।

তবে টিম রবিনসন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন আগ্রাসী ব্যাটিংয়ে। যদিও শরীফুল ইসলামের বলে ১৪ বলে ২৩ রান করে তার বিদায় আবারও ম্যাচে উত্তেজনা বাড়ায়। এরপর নিক কেলিকেও দ্রুত ফিরিয়ে দিয়ে আশার আলো দেখান মেহেদী হাসান।

কিন্তু শেষ পর্যন্ত সেই আশা টিকেনি। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজেদের হাতে। তাদের অনবদ্য জুটিতে আর কোনো সুযোগ পায়নি বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ৪০ বলে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটিতে ২০ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দুর্দান্ত ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন জ্যাকবস, ৩১ বলে অপরাজিত থাকেন ৬২ রানে।