সময়ের হিসাবে দেখলে ঢাকা টেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিন আজ, চতুর্থ দিন। ম্যাচ শুরুর প্রথম দিন ছিল মেঘাচ্ছন্ন, দ্বিতীয় দিন পুরোটাই ভেস্তে গেল বৃষ্টিতে। গতকাল খেলা হয়েছে কেবল ৩২.৩ ওভার। আজ ঢাকার আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রৌদ্রজ্বল মিরপুর আজ হতে যাচ্ছে সবচেয়ে চমকপ্রদ। আগের তিন দিনের মতো প্রাকৃতিক কোনো বাধা না আসলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে আজই।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ১৭২ রান। এরপর নিউজিল্যান্ডকে ১৮০ রানেই গুটিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল। এবারও ছিল স্পিনারদের আধিপত্য, তবে কিউইদের অল্প লিডে থামিয়ে দিতে গতকাল বড় ভূমিকা রাখেন পেসার শরিফুল ইসলাম। স্পিন-স্বর্গে শরিফুল দেখালেন পেস ক্যারিশমা। দ্রুত শেষ দুই উইকেট নিয়ে ইতি টানেন কিউইদের প্রথম ইনিংসে।এরপর ব্যাট করতে নেমে বাংলাদেশ কেবল ৮ ওভার খেলতেই দিনের সমাপ্তি। আলোক স্বল্পতার ইস্যুতে বেলা ২ টা ৪৬ মিনিটে আম্পায়াররা খেলা থামিয়ে দেন। এরপর দুপুর গড়িয়ে বিকালে এসে দিনের খেলা শেষ বলে ঘোষণা। এই সময়ের মধ্যে ৩০ রানের লিড নিয়েও বাংলাদেশ অবশ্য নেই স্বস্তিতে। ওপেনার মাহমুদুল হাসান জয়ের পর তারা হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটও।গতকাল সংবাদ সম্মেলনে এসে স্পিনার নাইম হাসান বলে যান, তারা যেকোনো মূল্যেই মাঠের লড়াইয়ে জিততে যান। কিউইদের সামনে ২২০ রানের টার্গেট দিতে পারলে ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিকরা।বিপরীতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস এসে জানালেন, উইকেট পরিবর্তন না হলে এখানে ১৮০ থেকে ২০০ রানের লক্ষ্যই তাদের জন্য অনেক বড় হয়ে দাঁড়াবে। বাংলাদেশের লিড দুইশোর নিচে রাখতে পারলেই খুশি থাকবে সফরকারীরা।বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে শুক্রবার তৃতীয় দিন ৩২ দশমিক ৩ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার দ্বিতীয় দিন মাঠেই নামতে পারেনি দু দলের খেলোয়াড়রা। তাই সবার চোখ এখন চতুর্থ দিনের লড়াইয়ে।নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৩০ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।সবমিলিয়ে দারুণ এক রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে ঢাকা টেস্ট। ম্যাচের ভাগ্য কোথায় যাবে, তা একপ্রকার নির্ধারণ হয়ে যাওয়ার কথা আজকেই।