রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
নিউজিল্যান্ড সফরে রাতের বিতর্কিত আচরণের ঘটনায় শাস্তি পেলেও বড় শাস্তি থেকে রক্ষা পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ইংল্যান্ডের ক্রিকেট রেগুলেটর তাদের বিরুদ্ধে ‘কশন নোটিশ’ জারি করেছে, যা কার্যত চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বছরের নভেম্বরে ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডের আগের রাতে মদ্যপানে জড়িত ছিলেন ব্রুক। এমনকি একটি নাইটক্লাবে ঢোকার সময় বাউন্সারের ধাক্কাও খান তিনি। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিয়ে তাকে শাস্তি দিলেও তা প্রকাশ্যে আনা হয়নি।
ঘটনাটি সামনে আসে আরও দুই মাস পর, সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের হারের পর এক প্রতিবেদনের মাধ্যমে। শুরুতে ব্রুক দাবি করেছিলেন, তিনি একাই ছিলেন। তবে পরে স্বীকার করেন, তার সঙ্গে বেথেল ও জশ টাংও ছিলেন এবং সতীর্থদের রক্ষায় তিনি মিথ্যা বলেছিলেন।
পরবর্তীতে বিষয়টি ক্রিকেট রেগুলেটরের কাছে গেলে তদন্তে দেখা যায়, ব্রুক ও বেথেল দুজনই ইসিবির পেশাদার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো খেলোয়াড় এমন কোনো আচরণ করতে পারবেন না যা ক্রিকেটের স্বার্থের পরিপন্থী বা খেলাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
তবে দুজনই তাদের বিরুদ্ধে আনা সতর্কবার্তা মেনে নিয়েছেন। ফলে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়নি। এই নোটিশ আগামী তিন বছর তাদের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে থাকবে।
অন্যদিকে, একই ঘটনায় জড়িত জশ টাংয়ের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি জানান, দলের কিছু খেলোয়াড়ের মদ্যপানের বিষয়ে তিনি উদ্বিগ্ন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা একটি ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছেন। ইতোমধ্যে শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মধ্যরাতের কারফিউ চালু করা হয়েছে, যা ভবিষ্যতেও বহাল থাকতে পারে।
এদিকে, ইংল্যান্ডের টেস্ট দলের সহ-অধিনায়ক ব্রুক জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে পারেন। আর বেথেল বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন।
