স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি

স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি

স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি

দেশের ক্রিকেটে স্পিন বিভাগে দীর্ঘদিনের ঘাটতি পূরণে এবার দৃশ্যমান পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে দলে টানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার।

দেশে স্পিন কোচের ঘাটতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে বর্তমান কাঠামোর অসামঞ্জস্য তুলে ধরেন ফাহিম। তিনি স্পষ্ট করে বলেন, "আমরা যদি হিসেব করি আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই তিনজন স্পিন কোচও হয়তো খুঁজে পাবো না।"

এই ঘাটতিকে ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বোর্ড। স্পিন বোলিংয়ের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। একই প্রসঙ্গে তিনি বলেন, "ওই জায়গাটা খুবই উদ্বেগের। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেট একজন যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দুই-চারজনকে ভবিষ্যতে হয়ত আমরা দেখতে পারব, আমরা তাদেরকে তৈরি করার চেষ্টা করব।"

ক্রিকেট কাঠামোর বিকেন্দ্রীকরণ বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ কোচের অভাব আরও স্পষ্ট হচ্ছে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা। নিয়োগের পেছনের যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমরা যত বিকেন্দ্রকরণে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। ওইটাকে মাথায় রেখেই নিয়োগ দেওয়া।"

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার।