নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার নারী-পুরুষের একসাথে সিরিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার নারী-পুরুষের একসাথে সিরিজ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার নারী-পুরুষের একসাথে সিরিজ

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার নারী-পুরুষের একসাথে সিরিজ

বিশ্ব ক্রিকেটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে একই দিনে, একই ভেন্যুতে মাঠে নামছে দুই দেশের নারী ও পুরুষ ক্রিকেট দল। ২০২৬ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এমন ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হবে দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) যৌথভাবে ঘোষণা করেছে, ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। প্রতি ম্যাচের দিন দুপুরে অনুষ্ঠিত হবে হোয়াইট ফার্নস বনাম প্রোটিয়াস নারী দলের লড়াই, আর সন্ধ্যায় মাঠে নামবে ব্ল্যাক ক্যাপস ও প্রোটিয়াস পুরুষ দল। এটি হবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ডাবল-হেডার ফরম্যাটের আয়োজন।

এই পাঁচ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের পাঁচটি প্রধান ভেন্যুতে:

১৫ মার্চ: বে ওভাল, মাউন্ট মঙ্গানুই
১৭ মার্চ: সেডন পার্ক, হ্যামিলটন
২০ মার্চ: ইডেন পার্ক, অকল্যান্ড
২২ মার্চ: স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন
২৫ মার্চ: হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ

প্রতিটি দিনই স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে নারী দলের ম্যাচ, পুরুষ দলের খেলা শুরু হবে রাত ৭টা ১৫ মিনিটে।

টি-টোয়েন্টি সিরিজ শেষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়াস নারী দল।

২৯ মার্চ: হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ 
১ এপ্রিল ও ৪ এপ্রিল: বেসিন রিজার্ভ, ওয়েলিংটন 

এই ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের  দ্বিতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত, যা ২০২৯ নারী বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দল ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক এনক এনকভে এই উদ্যোগকে দেখছেন ভবিষ্যতের মাইলফলক হিসেবে। তিনি বলেন, "নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে এটি আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়। নারী ও পুরুষ দলের ম্যাচ একই দিনে আয়োজন করা একটি দারুণ পদক্ষেপ, যা ভক্তদের জন্য আরও পরিপূর্ণ ক্রিকেট-অভিজ্ঞতা নিশ্চিত করবে।"

তিনি আরও জানান, আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর প্রস্তুতির জন্য এই সিরিজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

দর্শকদের জন্য আরও আনন্দের খবর। দুই ম্যাচ এক টিকিটে দেখার সুযোগ থাকছে। টিকিট বিক্রি শুরু হবে ২০২৫ সালের আগস্টে এবং পাওয়া যাবে নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে।