তামিমের সেরা হওয়ার দিনে সুপার ফোরে বরিশাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের সেরা হওয়ার দিনে সুপার ফোরে বরিশাল

তামিমের সেরা হওয়ার দিনে সুপার ফোরে বরিশাল

তামিমের সেরা হওয়ার দিনে সুপার ফোরে বরিশাল

চট্টগ্রাম ঘুরে বিপিএল ফিরল মিরপুরের মাঠে। আর তাতেই যেন রান সংকট। লিটন দাস, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলরা এদিন কোনোপ্রকার সুবিধাই করতে পারেননি। তবে শেষ বেলায় জাকের আলি অনিকের ঝড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পায় ১৪০ রানের লড়াকু সংগ্রহ। তবে তামিম ইকবালের দাপুটে ব্যাটিংয়ের সামনে লড়াইটা আর জমাতে পারেনি ভিক্টোরিয়ান্সের বোলাররা। ফিফটি হাঁকিয়ে তামিম দলকে নিয়ে যান সহজ জয়ের পথে। ৪৮ বলে আজ ৬৬ রানের ইনিংস খেলে তামিম এদিন দখলে নিয়েছেন রান সংগ্রাহকদের শীর্ষস্থান। ২ বল বাকি থাকতেই তার দল কুমিল্লাকে হারাল ৬ উইকেটের ব্যবধানে। 

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর সবশেষ দল হিসাবে সুপার ফোরের মঞ্চে খেলার টিকিট পেল তামিম ইকবালের ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ৭ জয়, সবমিলিয়ে ১৪ পয়েন্ট নিয়ে তামিমদের অবস্থান এখন টেবিলের তিনে। আগামী ২৬শে ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ চারে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে কুমিল্লার স্বস্তি কেবল জাকের আলি অনিকের ইনিংস। আজও ফিনিশিংয়ে জাকের ছিলেন অনবদ্য। ১৬ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে এনে দিলেন ১৪০ রানের সংগ্রহ। ২৩৭.৫০ স্ট্রাইক রেটের ইনিংসে জাকের ছক্কা হাঁকান ৪ টি, বাউন্ডারির সংখ্যা ২। তার দাপুটে ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে কুমিল্লার স্কোরবোর্ডে আসে ৫৪ রান। ১৪১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বরিশালকে বিপাকে ফেলে যান পাক ওপেনার আহমেদ শেহজাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে কুমিল্লার স্পিনার এনামুল হককে এগিয়ে খেলতে এসে স্টাম্পড হন শেহজাদ। ৭ বল খেলা শেহজাদ এদিন পেয়েছেন কেবল ১ রান। এরপর তামিম ইকবালের সঙ্গী হন কাইল মায়ের্স। এই দুইয়ের ব্যাটে ভর দিয়ে ম্যাচ জয়ের পথে দারুণ ভাবে এগিয়ে যায় ফরচুন বরিশাল। ৫৭ বলের জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৬৪ রান। কুমিল্লার তরুণ পেসার মুশফিক হাসান অবশ্য ভাঙেন এই জুটি। নিজের প্রথম ওভার করতে এসেই মুশফিক শিকার করেন ২৫ রানে থাকা মায়ের্সকে। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে মায়ের্সকে বিদায় করেন মুশফিক। ইনিংসের ১৫ তম ওভারের পঞ্চম বল, ম্যাথু ফোর্ডকে ছক্কা হাঁকিয়ে তামিম ইকবাল ৪০ বলে পূর্ণ করেছেন পঞ্চাশ। যা এবারের বিপিএলে তামিমের পাওয়া দ্বিতীয় অর্ধশত রানের ইনিংস। মুশফিকুর রহিমের ১৭ রানের ধীরগতির ইনিংসও থামিয়ে দেন মুশফিক হাসান। ফিফটির পর অবশ্য আরও মারমুখী হয়ে ওঠেন তামিম। তবে আন্দ্রে রাসেল নিজের কোটা শেষ করতে এসে বিদায় করেন ৬৬ রানে থাকা তামিমকে। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে এই অনবদ্য ইনিংস সাজিয়ে যান বরিশালের দলনেতা। তামিম এই ইনিংস খেলার পথে রান সংগ্রাহকদের শীর্ষস্থানও দখলে নেন। ১২ ম্যাচ শেষে ৩৪.৯০ গড়ে তামিমের নামের পাশে এখন সবচেয়ে বেশি ৩৮৪ রান।  এরপর অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য সৌম্য সরকারকে নিয়ে জয়ের বাকি কাজটা সেরে আসেন। ৬ উইকেটের রোমাঞ্চকর জয়ে বরিশালকে পৌঁছে দেন প্লে অফে। ১০ বলে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন রিয়াদ। শেষ বেলায় ৩ বলে ৬ করে দলের জয়ে অবদান রাখেন সৌম্য।