ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আর বাকি ১৭ দিন। চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দিয়েছেন দলটির দলনেতা মহেন্দ্র সিং ধোনি। নানারকম শঙ্কা উড়িয়ে দিয়ে ধোনি এখন চীপকে। গত জুনে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ধোনি। ২০২৩ আসরে মাঠের খেলায় বেশ পরিশ্রম করতে হয়েছে তাঁকে। যদিও স্টাম্পের পেছনে বেশ সক্ষমতা দেখিয়েছেন। সমস্যা হয়েছে রানিং বিটুইন দ্য উইকেটে। সবমিলিয়ে আবারও আইপিএলের মঞ্চে নিজেকে নিয়ে প্রস্তুত ধোনি।
জুনিয়র সুপার কিংস টুর্নামেন্ট সামনে রেখে একটি প্রোগ্রামে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ বলেন, “সে (ধোনি) খুব ভাল করছে। সে তার পুনর্বাসন শুরু করেছে এবং জিমেও কাজ শুরু করেছে।”চেন্নাই ইতোমধ্যে একটি বড় চোটে পড়েছে। নিউজিল্যান্ড ব্যাটার ডেভন কনওয়ে আইপিএলের প্রথম ভাগ মিস করতে যাচ্ছেন। আঙ্গুলে অস্ত্রোপচার করা হলে এমন এক পরিস্থিতিতে পড়বেন কনওয়ে। কনওয়ে না থাকলে, ধোনির বিকল্প হিসেবে আর একজন মাত্র উইকেটরক্ষক থাকবে চেন্নাই দলে। আরাভেলি আভানিশ, যিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ভারতের পক্ষে খেলেছেন।মার্চের ২ তারিখ থেকে প্রি-সিজন ক্যাম্প শুরু করবে চেন্নাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মার্চের ২২ তারিখ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই। প্রথম ভাগের জন্য মার্চের ২২ থেকে এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত ম্যাচ সূচি ঘোষণা করেছে আইপিএল কমিটি। জানা যায় মে মাসের ২৬ তারিখে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।