নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 32 মিনিট আগে
নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন

নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন

নাহিদ রানাকে বাংলাদেশের বড় সম্পদ বললেন শাহিন

দুই বছরের ধারাবাহিকতা, গতি আর সাম্প্রতিক পারফরম্যান্স সব মিলিয়ে বাংলাদেশের পেস আক্রমণে নতুন ভরসার নাম হয়ে উঠেছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত না হলেও লাল বলে তার ধারাবাহিকতা ইতোমধ্যে নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাম্প্রতিক পারফরম্যান্স সেই আলোচনাকে আরও জোরালো করেছে। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে নতুনভাবে প্রমাণ করার অপেক্ষায় এই তরুণ পেসার।

এই সিরিজকে সামনে রেখে প্রতিপক্ষ পাকিস্তান দলও নজর রাখছে বাংলাদেশের এই গতি তারকার ওপর। মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি সরাসরি কথা বলেছেন নাহিদ রানার সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে। বাংলাদেশের পেস আক্রমণে রানার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে, সেই মূল্যায়নও উঠে এসেছে তার বক্তব্যে।

শাহিন আফ্রিদি বলেন, ‘আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সাথে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে (নাহিদ রানা) ভালোভাবে কাজে লাগাবে।’

তবে প্রতিপক্ষের খেলোয়াড়কে প্রশংসা করলেও লড়াইয়ের ময়দানে ছাড় দিতে নারাজ আফ্রিদি। হালকা হাস্যরসের মাধ্যমে তিনি জানিয়ে দেন, ভালো ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারবেন না রানা এমনটাই প্রত্যাশা তার।

শাহিন আফ্রিদি বলেন, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।’

অতীতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হারের স্মৃতি নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় এই পাকিস্তানি পেসারকে। তবে অতীতের ফলাফলকে পেছনে ফেলে বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়ার কথাই জোর দিয়ে বলেন তিনি।

শাহিন আফ্রিদি বলেন, ‘অতীত তো অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো যে, আমরা নিজেদের কীভাবে তৈরি করছি।’

শুধু একটি সিরিজ জয়ের লক্ষ্য নয়, বরং দীর্ঘমেয়াদী সাফল্যের দিকেই দৃষ্টি পাকিস্তান দলের এমনটাই স্পষ্ট করেছেন আফ্রিদি। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য সামনে রেখে নিজেদের প্রস্তুত করার কথাই তুলে ধরেন তিনি।

শাহিন আফ্রিদি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো কীভাবে চ্যাম্পিয়নশিপ (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) জেতা যায়, শুধুমাত্র একটি সিরিজ জেতা নয়। একটি দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেটির জন্যই প্রস্তুত।’