রোমাঞ্চের অপেক্ষায় রেখে চা বিরতিতে গেল ঢাকা টেস্ট
রোমাঞ্চের অপেক্ষায় রেখে চা বিরতিতে গেল ঢাকা টেস্ট
রোমাঞ্চের অপেক্ষায় রেখে চা বিরতিতে গেল ঢাকা টেস্ট
ঢাকা টেস্টে নিউজিল্যান্ড পেল ১৩৭ রানের লক্ষ্য। মিরপুরে এতো কম রান ডিফেন্ড করার কোনো রেকর্ড ছিল না আগে। সমীকরণ বলছে, এই টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের। এই আশায় জাদুও দেখিয়েছে বাংলাদেশের বোলাররা, দ্বিতীয় সেশনে ২৭ ওভার বল করেই মিরাজ-তাইজুলরা মিলে দখলে নেয় ৬ উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে একের পর এক উইকেট হারানোর পরও ৯০ রান নিয়ে চা বিরতিতে গেল নিউজিল্যান্ড। জিততে হলে তাদের করতে হবে আরও ৪৭ রান। দিনের শেষ সেশন অপেক্ষায় শেষের রোমাঞ্চের, বাংলাদেশের দরকার ৪ উইকেট।
অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া বাংলাদেশ ফিরে এসেই পায় ব্রেকথ্রু। আরও একবার শরিফুল ভাঙেন কিউইদের উদ্বোধনী জুটি। নিউজিল্যান্ডের রানতাড়ায় শরিফুল প্রথম থেকেই সমস্যায় ফেলছিলেন ওপেনারদের। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম আঘাত করেন তিনি। লেগ বিফোরে ডেভন কনওয়ের উইকেট নেওয়ার পর শরিফুলের উল্লাস ছিল দেখার মতো। লাঞ্চের আগেই কনওয়েকে বেশ কয়েকবার বিপদে ফেলেছিলেন, লাঞ্চের পর একেবারে বিদায়ই করে দেন। ২ রানের বেশি পাননি কনওয়ে, উদ্বোধনী জুটির পাঁচ রান।
তিনে নামা কেন উইলিয়ামসন চলতি সিরিজে এ নিয়ে তৃতীয়বার তাইজুল ইসলামের শিকার। টার্ন ও বাউন্সে পরাস্ত হয়ে স্টাম্পড হয়ে ফেরা উইলিয়ামসন ১১ রানের বেশি পাননি। হেনরি নিকোলসও ইনিংস বড় করতে ব্যর্থ, মিরাজের আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে আঙুল উঁচিয়ে দেন। লাথামের সাথে আলোচনার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিকোলস। ৩৩ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের।
এরপর টম লাথামের সঙ্গী হন ড্যারিল মিচেল। এই জুটিতেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজায় কিউইরা। তবে খুব একটা পার্থক্য গড়তে পারেননি লাথাম-মিচেল। মিরাজের হাতেই বিদায় নেন লাথাম। ৬০ বল খেলে ফেলা লাথাম প্রথম স্লিপে শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ২৬ রান। এমন হতাশার পর টম ব্লান্ডেল এসে সেটি আরও বাড়িয়ে দেন। মিরাজের আগের ওভারেই ব্লান্ডেলের সাজঘরে ফেরা হয়ে যেত। অল্পের জন্য এলবিডব্লিউ থেকে বেঁচে যাওয়া ব্লান্ডেলকে পরের ওভারে সোহানের গ্লাভসে ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল।
প্রথম ইনিংসে ভয়ংকর হয়ে ওঠা গ্লেন ফিলিপস এবার ফিরতে পারতেন ডাক হয়ে। যদি না স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাত থেকে ক্যাচটা ফস্কে যেত। তবে শান্ত তৃপ্তি পেলেন মিচেলের ক্যাচ লুফে নিয়ে। মিরাজের বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটে পাননি বল, এর আগেই তার গ্লাভসে হালকাভাবে স্পর্শ করে যায়। আম্পায়ার বুঝতে না পারলেও বাংলাদেশ দল মাতে উদযাপনে। এরপর শান্ত রিভিউ নিয়ে ১৯ রান করে ফেলা মিচেলের আউট নিশ্চিত করেন। ৭০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।
