আর মাত্র দুই ম্যাচ; বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব শেষ এরপরই। এর মাঝেই পরিবর্তন হয়েছে প্লে-অফের সূচি, রাখা হয়েছে রিজার্ভ ডে। প্লে-অফে খেলবে ৪ দলের তিনটিই চূড়ান্ত। বাকি এক স্থানের জন্য লড়াইয়ে আছে বরিশাল ও খুলনা। ফেব্রুয়ারির ২৬ তারিখ মিরপুর হোম অব ক্রিকেটে শুরু হচ্ছে প্লে-অফের জমজমাট লড়াই।
চলমান বিপিএলের লিগ পর্ব শেষে প্লে-অফে খেলবে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সেই চার দলের তিনটিকে পেয়ে গেছে বিপিএল। টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এর আগে দুপুরে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ হবে ফরচুন বরিশাল বা খুলনা টাইগার্স। প্লে-অফের সূচি বদলে গেলেও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে পূর্ব নির্ধারিত সময়েই, ১ মার্চ। তবে কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচের সুচিতে পরিবর্তন এসেছে। পূর্বের সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমেনেটর ম্যাচ হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি, তা একদিন পিছিয়ে গেল ২৬ ফেব্রুয়ারিতে। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। পরদিন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এটিও একদিন পিছিয়েছে। এই ম্যাচের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।চট্টগ্রাম পর্বের শেষ দিনে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ হিসেবে বরিশাল ফরচুন একরকম নিশ্চিতই বলা যায়। পয়েন্ট ও রান রেটে পিছিয়ে থাকা খুলনার ছিটকে যাওয়া একপ্রকার নিশ্চিত।