পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 6 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
আগামী বছর বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটির সূচি পুনর্বিন্যাসের পথে রয়েছে। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি এবার দুই ধাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বলেন, “পিএসএলের কারণে পাকিস্তান সিরিজটা সামান্য সরাতে হবে। সিরিজটি দুই ধাপে হবে। এক অংশ আগে, আরেক অংশ পরে।” ফাহিমের এই মন্তব্যে স্পষ্ট হলো যে সিরিজটি পুরোপুরি একসঙ্গে খেলানো সম্ভব নয়।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, পাকিস্তান সফরটি মূলত আগামী মার্চের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। তবে পিএসএল এবং সিরিজের তারিখের সংর্ঘর্ষের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি পরিবর্তনের পথে হাঁটছে।
সূত্রে জানা গেছে, সফরটি লাল বল ও সাদা বল এই দুই পর্বে ভাগ করা হবে। কোন ফরম্যাট আগে অনুষ্ঠিত হবে তা নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। বিশেষভাবে, ধারণা করা হচ্ছে যে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ৮ মার্চ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সাদা বলের অংশ খেলবে। আর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজটি পিএসএল শেষ হওয়ার পর অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া ফাহিম আরও জানান, “আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে। টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে দলটি।”
