ম্যাচসেরা ক্যাম্ফারের কণ্ঠে ছুটল দিপুর প্রশংসা
ম্যাচসেরা ক্যাম্ফারের কণ্ঠে ছুটল দিপুর প্রশংসা
ম্যাচসেরা ক্যাম্ফারের কণ্ঠে ছুটল দিপুর প্রশংসা
চলমান বিপিএলে ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ সিলেটের মাটিতে দিনের প্রথম খেলায় ফরচুন বরিশালকে বিশাল লক্ষ্যমাত্রা ধরিয়ে দেয় দলটি। চট্টগ্রামের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যমাত্রা সামলিয়ে ১৮৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে বরিশাল। চট্টগ্রামের পক্ষে অলরাউন্ডিং পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন আইরিশ কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ২৯* রান করার পাশাপাশি শিকার করেছেন প্রতিপক্ষের ৪ টি উইকেট।
ক্যাম্ফারের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এটি দ্বিতীয় আসর। বাংলাদেশের সংস্কৃতি বেশ পছন্দ করেছেন এই আয়ারল্যান্ড অলরাউন্ডার। খেলার প্রতি এই দেশের ভালোবাসা, দর্শকদের থেকে পাওয়া সমর্থনে মুগ্ধ হয়ে আছেন তিনি। পাশাপাশি দলও তো খেলছে বেশ ভালো। চট্টগ্রাম প্রতিটি ম্যাচেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে এখন পর্যন্ত। ক্যাম্ফারের ভাষ্যমতে,“হ্যাঁ, আমার মনে হয়, বিপিএল শুরুর আগে আমাদের একটা ভালো ট্রেনিং ক্যাম্প হয়েছে। মনোবলটা বেশ ভালো আমাদের। বিদেশি ও লোকাল যারা আছে, প্রতিটা ম্যাচেই তারা ভালো করছে একসাথে। আমার মনেহয় এটাই পার্থক্য।”দেশি ও বিদেশি খেলোয়াড়দের মিশেলটা জমেছে চট্টগ্রামে। ক্যাম্ফারের কথায় অন্তত তাই বোঝা গেল। আজ ৬ নম্বরে ব্যাট করতে নেমে দলের জন্য ‘ফিনিশিং’ এর দায়িত্ব নিজের কাঁধে তুলে ২৯ (৯) রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। বল হাতে ২০ রান দিয়ে সংগ্রহ করেছেন ৪ উইকেট। শুধু তাই নয় ৪ টি ক্যাচ নিয়েছেন ম্যাচজুড়ে। কিছুই যেন বাদ রাখতে চাননি এই আইরিশ। প্রসঙ্গ এল শাহাদাত হোসেন দিপুর। আজকের ম্যাচে ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন এই তরুণ ব্যাটার। এখন পর্যন্ত নিজের জায়গায় দায়িত্ব পালনে বেশ সচেতন দিপু। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্ফারের চোখে-মুখে ফুটল দিপুর প্রশংসা।
“হ্যাঁ দীপু তো দুর্দান্ত। চার নম্বরে আমাদের জন্য সে খুবই ভালো। তরুণ ছেলেরা আসছে, ভালো করছে দেখতে ভালো লাগে। আমি আশা করি, সে যদি এই ফর্ম ধরে রাখে, তার ভালো ভবিষ্যৎ আছে। তার মেজাজ ধরে রাখার ক্ষমতা বেশ ভালো। সে জানে কোথায় বোলাররা তাকে বল করবে, চমৎকার সব শট খেলে। তো আশা করি সে বিপিএলে ধারাবাহিকতা রাখবে এবং আমরা দেখবো ও আশা করব যাতে তার যাত্রা চলতে থাকে।”
