ম্যাচ ফিনিশ করতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে
ম্যাচ ফিনিশ করতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে
ম্যাচ ফিনিশ করতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে
আগের ম্যাচ বাজেভাবে হেরে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আজ জয়টা দরকার ছিল। এমন কাজটাই করে দেখিয়েছে চট্টগ্রামের খেলোয়াড়েরা। বেশ দাপুটের সাথেই তারা ঢাকাকে উড়িয়ে দিয়েছে। তবুও আফসোস আছে দলের সেরা পারফর্মার তানজিদ তামিমের। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না।
১ রানের জন্য ফিফটি মিস, এতে স্বাভাবিকভাবেই আক্ষেপ আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিমের। প্রথম ম্যাচে ২, পরের ম্যাচে ১৯, তৃতীয় ম্যাচে এসে আর আগের ভুলগুলো করেননি তানজিদ হাসান তামিম, ইনিংস টেনেছেন স্বাচ্ছন্দ্যে। ওপেনিংয়ে নেমে দলকে জিতিয়েই মাঠ ছাড়তে পারতেন চট্টগ্রামের এই তরুণ ওপেনার। কিন্তু হল না, ফিরেছেন এক রানের আক্ষেপ নিয়ে। শেষপর্যন্ত ১০ বল বাকি থাকতেই চট্টগ্রাম জিতল ৬ উইকেটে।
দুর্দান্ত ঢাকার বিপক্ষে সাগরিকার দলটির বড় জয়ে খুশি ম্যাচের অন্যতম নায়ক তামিম। তবে নিজে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো তার, এমন সুরেই শোনালেন আফসোসের কথা। ম্যাচ সেরার পুরষ্কার নিয়ে তামিম সংবাদ সম্মেলনে এসে জানালেন,
'অবশ্যই হতাশ (ফিফটি না করতে পারায়)। যদি ফিফটি করে ম্যাচটি শেষ করে আসতে পারতাম তাহলে নিজের কাছে আরও বেশি ভালো লাগতো। আর আমার দল আরও ভালোভাবে জিততে পারতো। চেষ্টা করবো এখানে যে ভুলগুলো করেছি নেক্সট টাইমে যেন আর না হয়।''আজকের ম্যাচে আমরা ভালো একটা জয় পেয়েছি, এটা দরকার ছিল আমাদের দলের জন্য। কারণ, শেষ ম্যাচটা আমরা বাজেভাবে হেরে গেছি ব্যাটিংয়ের কারণে। তবে আজ সবকিছু ভালো ছিল। আর দিনের বেলায় বল একটু স্পিন হয় আর গ্রিপ করে। রাতে বেলায় কুয়াশার কারণে উইকেটটা ভেজা ভেজা থাকে, এজন্য বল স্কিড করে। সব মিলিয়ে সব উইকেটে আমাদের অ্যাডজাস্ট করে খেলতে হবে।'
রান নিয়ে কোনো চিন্তাই করতেছেন না তামিম, বিশ্বকাপ নিয়েও ভাবছেন না। বিপিএলেই ম্যাচের পর ম্যাচ ভালো খেলে যেতে চান। তামিম আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন,
'এখানে চাপের কিছু নেই। আমি জিনিসটা নিয়ে কোনো চিন্তাই করছি না। জাস্ট বিপিএল খেলা হচ্ছে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ ফোকাস করছি। আজকে যে ম্যাচটি হয়েছে সেটা কিন্তু অতীত হয়ে গেছে, আর সামনে বিশ্বকাপ কিনা এগুলো কিছু নিয়েই আমি বদার করছি না।'
