প্রস্তুতি ম্যাচের অভাবেই জিম্বাবুয়েতে ভুগেছে বাংলাদেশ, মনে করেন আশরাফুল
-
1
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
2
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
প্রস্তুতি ম্যাচের অভাবেই জিম্বাবুয়েতে ভুগেছে বাংলাদেশ, মনে করেন আশরাফুল
প্রস্তুতি ম্যাচের অভাবেই জিম্বাবুয়েতে ভুগেছে বাংলাদেশ, মনে করেন আশরাফুল
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে বড় কারণ হিসেবে প্রস্তুতি ম্যাচের অভাবকেই দেখছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, বিদেশের ভিন্ন কন্ডিশনে আন্তর্জাতিক ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ না থাকায় ব্যাটাররা দ্রুত উইকেট ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। ফলে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই সেই প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ায় বাংলাদেশ। যদিও সফরের শেষ অংশে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছে টাইগাররা। দেশে ফেরার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সফরের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন আশরাফুল।
তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে এখন আন্তর্জাতিক সিরিজের আগে আর প্রস্তুতি ম্যাচ হয় না। আগে তিন দিনের বা এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকতো, এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো। এখন গিয়েই সরাসরি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়।’
আশরাফুলের মতে, শুধু আগে পৌঁছানোই যথেষ্ট নয়, ম্যাচ পরিস্থিতিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগও সমান গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচ না থাকায় ক্রিকেটারদের নতুন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাড়তি সময় লেগেছে, যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘টেস্ট ও ওয়ানডে দুই দলই আগেভাগে জিম্বাবুয়েতে পৌঁছেছিল। কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। যদি এমন ম্যাচ খেলার সুযোগ পেতাম, তাহলে আমার বিশ্বাস ফল আমাদের পক্ষে আসতে পারতো।’
তবে সফরের শেষ ভাগে পাওয়া ইতিবাচক দিকও সামনে আনেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার বিশ্বাস, কঠিন এই সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জন্য কাজে দেবে, বিশেষ করে সামনে থাকা অস্ট্রেলিয়া সফর এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে।
আশরাফুল বলেন, ‘টেস্টে আমরা ভালো করতে পারিনি। তবে তৃতীয় ওয়ানডেতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলাম। আমার বিশ্বাস, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে আমরা এভাবেই আরও ভালো প্রস্তুতি নিতে পারবো। এই সফরটি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির দিক থেকেও গুরুত্বপূর্ণ।’
আগামী মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সফরের আগে জিম্বাবুয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও ভালো প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা।
