সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের এক পৌরাণিক চরিত্র! সাকিব আল হাসানের যেন ক্লান্তি নেই। আগের রাতে ম্যাচ হেরে আজ একাই নেমে পড়লেন ব্যাট হাতে। বিপিএলে ফেরার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আট নম্বরে নামলেন সাকিব আল হাসান। রানের দেখা না পাওয়া সাকিব নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতেই সিলেটের আউটার স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন।
আজ রংপুর রাইডার্সের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬ টায়, প্রতিপক্ষ দুর্দান্ত ঢাকা। সন্ধ্যায় ম্যাচ তাই সকালে অনুশীলন নেই রংপুর রাইডার্স দলের খেলোয়াড়রা, বিশ্রামেই ছিলেন টিম হোটেলে। তবে একাই অনুশীলনে ফিরলেন সাকিব। তিনি আর সবার চেয়ে আলাদা। ব্যাটে কিংবা বলে। কিভাবে আরও ভালো করা যায় সে চেষ্টায় করে যাচ্ছেন সাকিব।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লেগ-স্পিনার রিশাদ হোসেন, রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক ও একজন নেট বোলার ও থ্রোয়ার নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে লম্বা সময় ধরে ব্যাট করে যাচ্ছেন সাকিব। কিছু বল ডিফেন্স করছেন, মনের মতো শট খেলার বলে সাকিব বল উড়িয়ে দিচ্ছেন। নিজেকে যেন নতুন করে সাজিয়ে তোলার চেষ্টায় মরিয়া সাকিবকেই দেখা গেল অনুশীলনে। গতকাল দলের হারের দিনে বাংলাদেশের অধিনায়ক সাকিবও ছিলেন সাদামাটা। বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে পাননি কোনো উইকেট। এরপর ব্যাট হাতে ৪ বলে ২ রান করে আউট হন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচে সাকিব নিষ্প্রভ, খুলনা টাইগার্সের কাছে ২৮ রানে হেরেছে রংপুর রাইডার্সও। প্রস্তুতির ঘাটতির কারণেই সাকিবকে দেখা গেল আট নম্বরে। খুলনার বিপক্ষে ম্যাচে সাকিবের ভূমিকা ছিল কেবলই স্পিনার।