দলের পারফরম্যান্সে হতাশ নন এইচপি কোচ
দলের পারফরম্যান্সে হতাশ নন এইচপি কোচ
দলের পারফরম্যান্সে হতাশ নন এইচপি কোচ
বিপক্ষ দল যেমনই হোক দলের জয়ে পালটে যায় সব কিছু। তেমনি অবস্থা বিসিবি’র হাইপারফরম্যান্স দলেরও। তবে দলের কোচ বিপক্ষ দল নিয়ে কিছুটা আক্ষেপ করলেও সফর শেষে দেশে ফিরে জানান সন্তুষ্টির কথা।
ডারউইনে নর্দান টেরিটরির আমন্ত্রিত একাদশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সব ক’টি ম্যাচেই জয় পেয়েছে বিসিবি’র হাইপারফরম্যান্স দল। সফরের একমাত্র তিন দিনের ম্যাচেও জয় পেয়েছে এইচপি দল।
প্রায় দুই সপ্তাহের লম্বা সফর শেষে গত সোমবার দেশে ফিরেছে লিটন দাসের নেতৃত্বাধীন বিসিবি হাইপারফরম্যান্স দল।
সফর শেষে দলের সাথে ফিরেছেন এইচপি দলের কোচ সাইমন হেলমটও। এই সফর নিয়ে গতকাল মঙ্গলবার হেলমট কথা বলেন গণমাধ্যমের সাথে।
‘আমাদের দলের বোলাররা এই সফরে দারুণ ধারাবাহিক ছিল। সব ম্যাচেই আবু হায়দার রনি অসাধারণ পারফরম্যান্স করেছে। এবাদত হোসেনকে নিয়েও আমি আশাবাদী। সেও অনেক ভালো করেছে। সবাই ভালো করেছে।’
বোলারদের নিয়ে কোচ সন্তষ্ট হলেও খুব একটা সন্তুষ্ট নন ব্যাটসম্যানদের নিয়ে। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের শুরুটা কোনদিন ভালো হলে শেষের দিকে খারাপ হয়েছে। আবার এর বিপরীতও হয়েছে। আমি আশা করেছিলাম অন্তত পাঁচটি সেঞ্চুরি আসবে। কয়েকজন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ঠিকমত। এসব নিয়ে আরো শিখতে হবে।’
সফরের একমাত্র তিন দিনের ম্যাচ নিয়ে হেলমট বলেন, ‘ম্যাচটা ভালোভাবেই শুরু করেছিলাম আমরা। তবে দ্বিতীয় দিন তাদের উইকেট না পাওয়াটা সবাইকে চিন্তিত করে তুলেছিলো। আমরা সেদিন মাত্র তিন উইকেট নিয়েছিলাম। ওরা তিনশো'র বেশি রান করেছিলো এদিন। বলও কাজ করছিলনা ঠিকঠাক। এসব নিয়ে সবাইকে শিখতে হবে।’
খেলোয়াড়দের ফিটনেস নিয়েও কথা বলেন এইচপি কোচ। ‘ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে আরও কাজ করতে হবে ছেলেদের। ফিটনেস ভালো হলে লম্বা সময় ধরে বোলিং করতে সমস্যা হবেনা। ব্যাটসম্যানদেরও ফিটনেস নিয়ে কাজ করতে হবে যেন লম্বা সময় ধরে উইকেটে থাকতে পারে।’
সবশেষে হেলমট মোটামুটি সন্তষ্টই। ‘সব মিলে সফরটা দুর্দান্ত ছিলো বলা যায়। সফরে শুধু শতকই ছিলোনা সাথে ৫ উইকেট নেয়ারও কৃতিত্ব ছিলো। এবার ভবিষ্যৎই বলে দেবে তাঁরা কতটা শিখতে পেরেছে।’
