বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিন আজ। টানা দ্বিতীয় জয়ের খোঁজে দুপুরের ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, সিদ্ধান্ত জানালেন আগে বোলিং করার। একাদশে একাধিক পরিবর্তন নিয়ে এল বরিশাল, খেলছেন আহমেদ শেহজাদ।
দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এবারের বিপিএলে ৩ ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। তার জায়গায় এসেছে পরিবর্তন, বরিশালের সেরা একাদশে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদ। সঙ্গে সেরা একাদশে ফিরলেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি। রাখা হয়েছে ক্যারিবীয়ান ইয়ানিক ক্যারিয়াহকেও। ঢাকা পর্বে তিন ম্যাচের দুটি হেরেছে বরিশাল। বিপরীতে তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের লড়াই।