সিডনিতে বিগ ব্যাশ লিগের ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন বড় অবদান। সেই জশ ব্রাউন এবার আসছেন বাংলাদেশে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে মাতাবেন বিপিএলের বাকি অংশ।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড করেছেন ফাইনালের আগে বিগ ব্যাশের নকআউট ম্যাচ চ্যালেঞ্জারে। ছক্কার রেকর্ড গড়া ব্রাউন ৫৭ বলে খেলে যান ১৪০ রানের অনবদ্য ইনিংস। ১০টি চারের সঙ্গে অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটসম্যান মারেন ১২টি ছক্কা। একদিন পর ফাইনালে নেমেই দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান। আর তাতেই ব্রিসবেন হিটের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।বিস্ফোরক জশ ব্রাউনকে দলে ভিড়িয়ে এবার সবচেয়ে বড় চমক দেখাল বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। ৩০ বছর বয়সী ব্রাউন অস্ট্রেলিয়ার জাতীয় দলে না খেললেও বিগ ব্যাশ মাতিয়ে ক্রিকেটের বেশ পরিচিত মুখ। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্টের পর আরও এক তারকা ক্রিকেটার দলে ভেড়াল চট্টগ্রাম। এখন পর্যন্ত ব্রাউন ২৩টি টি-টোয়েন্টি ও একটি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন।আগামী ২৬ জানুয়ারি তিনি ব্রিসবেন থেকে ঢাকার বিমানবন্দের এসে পৌঁছাবেন। এরপর সিলেট গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। টুর্নামেন্টের বাকি অংশের পুরোটা সময়ই ব্রাউন থাকবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে পেয়েছে দুই জয়। তাদের হার কেবল খুলনার কাছে। ঢাকায় চার দিনে টানা তিন ম্যাচ খেলে দ্বিতীয় জয় পায় শুভাগত হোমের দল। বিপিএলে চট্টগ্রামের পরের ম্যাচ আগামী ২৭ জানুয়ারি, সিলেটে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক ঘটবে ব্রাউনের।