বদলায়নি কিছুই, র্যাংকিংয়ের সাতেই টাইগাররা
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
বদলায়নি কিছুই, র্যাংকিংয়ের সাতেই টাইগাররা
বদলায়নি কিছুই, র্যাংকিংয়ের সাতেই টাইগাররা
শ্রীলঙ্কা-বাংলাদেশ আর পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ এ দুই ওয়ানডে সিরিজের উপর নির্ভর করছিল র্যাংকিংয়ের বেশ কিছু পরিবর্তন। তবে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করায় এবং পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়ায় বদলায়নি কিছুই।
বাংলাদেশকে টপকে র্যাংকিংয়ের সপ্তম স্থানে যেতে হলে ক্যারিবীয়দের ধবল ধোলাই করতে হতো সরফরাজের দলকে । তবে প্রথম ম্যাচেই পরাজিত হয়ে বাংলাদেশকে পেছনে ফেলতে পারার মিশনে এবার অন্তত পিছিয়ে গেলো পাকিস্তান। সিরিজের শুরুর সেই ৮৯ রেটিং পয়েন্ট নিয়েই সিরিজ শেষ করেছে টিম পাকিস্তান।
পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হারে তাদের রেটিং পয়েন্ট বাড়েওনি, কমেওনি। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থান সেই ৯ নম্বরেই। আর পাকিস্তানের অবস্থান করছে ৮ম স্থানে।
বাংলাদেশের সামনে সুযোগ ছিল লঙ্কানদের ধবল ধোলাই করে র্যাংকিং তালিকার ৬ষ্ঠ স্থানে চলে যাওয়ার। প্রথম ম্যাচে দাপুটে জয়ে তেমন আভাসও পাওয়া গিয়েছিল। ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আর কলম্বোতে শেষ ওয়ানডেতে পরাজয় বরণ করে রেটিংয়ে এক পয়েন্ট বেড়েও আগের সপ্তম স্থানেই রয়ে গেছে টাইগাররা। টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৯২।
তবে সিরিজ ড্র করে শ্রীলঙ্কাকে হারাতে হয়েছে দুই পয়েন্ট। লঙ্কান সিংহদের বর্তমান রেটিং পয়েন্ট ১০০ থেকে কমে দাঁড়িয়েছে ৯৮। তবে র্যাংকিংয়ে অবস্থান সেই ছয়েই।
২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত র্যাংকিংয়ের প্রথম সাতে থাকা দলগুলো অংশগ্রহণ করবে সরাসরি। আর বাকী দুই দলকে ইংল্যান্ডের টিকিট পেতে খেলতে হবে বাছাই পর্ব।
সূচি অনুযায়ী টাইগারদের পরবর্তী মিশন আয়ারল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। ভীষণ গুরুত্বপূর্ণ এ সিরিজেই নির্ধারণ হয়ে যাবে অনেক কিছুর। আর দুর্ভাগ্যক্রমে আইরিশদের বিপক্ষে যদি হেরেই বসে টাইগাররা তবে কঠিন মাশুল যে দিতেই হবে মাশরাফি-সাকিবদের তেমনটা অনুমেয়ই।
আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাংকিং অনুযায়ী দক্ষিণ আফ্রিকার দখলেই আছে র্যাংকিংয়ের শীর্ষস্থানটি (১১৯ পয়েন্ট)। অস্ট্রেলিয়া ঠিক এক পয়েন্ট কম নিয়ে (১১৮ পয়েন্ট) রয়েছে দ্বিতীয় স্থানে। আর আয়ারল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড (১১৩ পয়েন্ট) রয়েছে তালিকার তৃতীয় স্থানে।
