রূপগঞ্জে মাশরাফিকে সামলাচ্ছেন মুশফিক

97 Repoter: 97author

Publish: messages.not_available Update: 1 hour ago
রূপগঞ্জে মাশরাফিকে সামলাচ্ছেন মুশফিক

রূপগঞ্জে মাশরাফিকে সামলাচ্ছেন মুশফিক

রূপগঞ্জে মাশরাফিকে সামলাচ্ছেন মুশফিক

জাতীয় টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে একসাথে খেলার সুযোগ হলেও বাংলাদেশী ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবারই প্রথম একত্রে খেলছেন ক্লাব ক্রিকেটে। আর ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে মুশফিকুর রহিমকেই। ফলে সদ্যই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে চলে যাওয়া বাংলাদেশী ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজাকে এবারের প্রিমিয়ার লিগে খেলতে হচ্ছে মুশফিকের অধীনেই। যদিও দুই অধিনায়ক একই দলে থাকায় এক প্রকারের মধুর সমস্যাতেই পড়তে হচ্ছিল রূপগঞ্জ ম্যানেজমেন্টকে। কিন্তু স্বয়ং মাশরাফি নিজেই মুশফিককে অধিনায়কত্বের দায়িত্বটা নেয়ার অনুরোধ জানালে একবাক্যে মেনে নেন মি. ডিপেন্ডেবল। এক জায়গায় মাশরাফি বিন মর্তুজা আর মুশফিকুর রহিমের দুজনেরই বেশ মিল, দুজনেই দুজনের অধিনায়কত্বে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে খেলেছেন প্রায় এক যুগ। টেস্টে মুশফিক মাশরাফির অধীনে খেললেও ইনজুরি ভাগ্য মাশরাফিকে দেয়নি মুশফিকের অধীনে সাদা জার্সিতে নামার সুযোগ। আবার মুশফিক যেমনটা মাশরাফিকে সামলেছেন রঙ্গিন পোশাকে, বর্তমানে মুশফিকও ওয়ানডেতে খেলে চলেছেন মাশরাফিরই অধিনায়কত্বে। আরও মজার ব্যাপার, মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন এই মুশফিকেরই স্থানেই। অধিনায়ক যেইই থাকুক না কেন, স্থানীয় আর জাতীয় দলের খেলোয়াড় মিলিয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ দলটি কিন্তু বেশ শক্তিশালীই। ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম নাইম ইসলাম, মোহাম্মদ শরীফের সাথে তরুন পিনাক ঘোষকে দলে টেনেছে রূপগঞ্জ। অভিভাবক হিসেবে দুই ফরম্যাটের দুই জাতীয় অধিনায়ক তো আছেনই। তবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পিংয়ের গ্যাঁড়াকলে ম্যাশ-মুশিকে বেশীদিন পাচ্ছেনা রূপগঞ্জ। ২৬শে এপ্রিল জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পিংয়ে যোগ দিতে সাসেক্সের বিমানে চাপবেন এই দুই বর্ষীয়ান অধিনায়ক। প্রথম চার ম্যাচ শেষে তাই রূপগঞ্জের খুঁজে নিতে হবে নতুন কাপ্তান। ১২ই এপ্রিল ডিপিএলের শুরুর দিনেই বিকেএসপির ৪র্থ ভেন্যুতে মাঠে নামবে মুশফিকের নেতৃত্বাধীন লিজেন্ডস অফ রূপগঞ্জ। টুর্নামেন্টের শুরুটাও হবে সেদিনই।