২০২৩ নয়, সাকিবের চোখ ২০১৯ বিশ্বকাপেই
97 Repoter: 97author
Publish: messages.not_available Update: 1 second ago
২০২৩ নয়, সাকিবের চোখ ২০১৯ বিশ্বকাপেই
২০২৩ নয়, সাকিবের চোখ ২০১৯ বিশ্বকাপেই
এই তো সেদিনই শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছিলেন যে '২০২৩' বিশ্বকাপ জয়ের একটা ভাল সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাঝে। এর মাঝেই বিশ্বসেরা বাংলাদেশী অলরাউন্ডার জানালেন ২০২৩ বিশ্বকাপ নয় বরং ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে টাইগাররা।
সাধারণত সাকিব আল হাসান কোন ভবিষ্যৎবাণী করলে অধিকাংশ সময়ই ফলে যায়। প্রমাণ ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশের সিরিজ কিংবা ভারত, দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডেতে সিরিজ হারানো। কিংবা শততম টেস্টে কলম্বো জয়ের আগের দিনও সংবাদ সম্মেলনে বলেছিলেন জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, হয়েছেও তাই।
বাংলাদেশ ক্রিকেটে উন্নয়নের যে জোয়ারটা বয়ে যাচ্ছে সেখান থেকেই এমন ভরসা পাচ্ছেন রঙিন জার্সিতে বাংলাদেশী সহ-অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়ে সাংবাদিকদের বৃহস্পতিবার রাতে মুখোমুখি হন ম্যাচ সেরা সাকিব। সেখানেই ধারাবাহিকতাকে গুরুত্ব দিয়ে নিজের আশার কথা জানালেন সাকিব,
'ইংল্যান্ড বিশ্বকাপের আমার মনে হয় ভাল সুযোগ আছে। যে ধারাবাহিকতায় এগোচ্ছি আমরা এমনটা ধরে রাখতে পারলে অবশ্যই সম্ভব। আর গত বিশ্বকাপেও আমরা ভাল খেলেছি। কোয়ার্টারে ভারতের বিপক্ষে লড়াই করেছি। আমাদের উন্নতির গ্রাফটা উর্ধ্বমূখী।'
টাইগারদের উন্নতির পেছনের মুলমন্ত্র উন্মোচনে ক'দিন আগের ত্রিশে বছরে পা দেয়া সাকিব আল হাসান বলেন, 'দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে আমাদের দলে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে দারুণ একটি দল আমরা। তরুণ ক্রিকেটারদের মধ্যে সবাইই অসাধারণ। এই পথে হাঁটতে পারলে ২০১৯ বিশ্বকাপে আমাদের জন্য ভাল কিছুই অপেক্ষা করেছে।'
অর্জুনা রানাতুঙ্গার বাণী সাহস জোগাচ্ছে টাইগারদের এমনটা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে টাইগার অলরাউন্ডার বলেন, 'ওনার মত মহারথীর এমন মন্তব্য অবশ্যই প্রেরণাদায়ক। সামনের খেলাগুলোতে এটা অবশ্যই ভাল খেলার অনুপ্রেরণা জোগাবে।'
