টানা ৬ জয়ে রীতিমতো উড়তে থাকা রংপুর রাইডার্স আজ বন্দরনগরীতে দাপট দেখাল সাকিবের ব্যাটিংয়ে। চ্যালেঞ্জার্সদের বোলিং লাইনকে শাসন করে সাকিব শুধু পঞ্চাশ ছুঁয়েই ক্ষান্ত হননি, একা হাতে লড়াই চালিয়ে রংপুরের ইনিংস নিয়ে গেছেন বড় সংগ্রহ। সাকিবের ৬২ রানের ইনিংসে ভর করে রংপুর পেল ১৮৭ রান।
চট্টগ্রামে বিপিএল ফিরতেই সাকিব আল হাসান দারুণভাবে জ্বলে ওঠলেন ব্যাট হাতে। খুলনার বিপক্ষে আগের ম্যাচে ৬৯ রানের ইনিংস খেলা সাকিব আজ খেলেছেন ৬২ রানের অনবদ্য ইনিংস। মাত্র ৩৯ বল মোকাবিলায় ৫ চার ও ৩ ছক্কায় সাজান এই ইনিংস। সাকিব মূলত আজ লড়াই করেছেন একাই। মাঝে তাকে সঙ্গ দিয়ে ৩৫ রান করে যান শেখ মেহেদী হাসান।
টসে জিতে আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। দারুণ শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন রনি তালুকদার। শহিদুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে ইনসাইড এজে বোল্ড হন রনি, ১৯ বলে তার ব্যাট থেকে আসে ২৫ রান। আরেক ওপেনার রেজা হেনড্রিক্স এদিন হয়েছেন পুরোপুরিভাবে ব্যর্থ। বাউন্ডারিবিহীন ১১ বলের ইনিংসে হেনড্রিক্স করেন কেবল ৪ রান।
তিনে নামা ব্রেন্ডন কিং ২ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরে গেছেন দ্রুতই। ৯ বল খেলা সোহান সালাউদ্দিন শাকিলের বলে স্টাম্প হারান, তার আগে করেন কেবল ৫। এরপর সাকিবকে এসে সঙ্গ দেন শেখ মেহেদী হাসান। সাকিবের আগ্রাসী ব্যাটিংয়ের সাথে মেহেদী এসে যোগ করেন ঝড়। ৪ ছক্কায় ১৭ বলে তার রান যখন ৩৪, বিলাল খান এসে করেন বোল্ড।
জিমি নিশামও এদিন দলকে স্বস্তি দিতে পারেননি। তবে সাকিব ছিলেন ব্যতিক্রম। ৩৩ বলে পেয়েছেন এবারের আসরে নিজের দ্বিতীয় ফিফটির দেখা। ব্যাক টু ব্যাক ফিফটিতে সাকিব রাঙিয়ে দিলেন বিপিএলের চট্টগ্রাম পর্ব।