শেহজাদ-মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটিতে বরিশালের ১৮৬

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
শেহজাদ-মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটিতে বরিশালের ১৮৬

শেহজাদ-মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটিতে বরিশালের ১৮৬

শেহজাদ-মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটিতে বরিশালের ১৮৬

পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করে তামিম ইকবালের দল আজ সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে স্কোরবোর্ডে জমা করেছে রান। অধিনায়ক তামিম শুরুতে বিদায় নিলেও দলকে দারুণভাবে টেনে নিয়ে যান বরিশালের পাক ওপেনার আহমেদ শেহজাদ। তার দাপুটে ৬৬ রানের ইনিংসের পর ফিনিশিংয়ে ঝড় তুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে হাঁকান পঞ্চাশ, যা এবারের বিপিএলে রিয়াদের প্রথম ফিফটি। রিয়াদের ব্যাটিং শো'তে শেষ ৩ ওভারে আসে ৫২ রান, ফরচুন বরিশাল পায় ১৮৬ রানের বড় সংগ্রহ। 

১৭ ওভার শেষে ১৩৪ রানে থাকা ফরচুন বরিশালের সংগ্রহ ২০ ওভারে ১৮৬'তে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর মাহমুদউল্লাহ রিয়াদ। আরও একবার ফিনিশিংয়ে রিয়াদের প্রশংসনীয় ইনিংস। ২৪ বলে খেলা ৫১ রানের হার-না-মানা ইনিংসেই বরিশাল পাহাড় সম টার্গেট ছুড়ে দেয় সিলেটের সামনে। এর আগে অবশ্য আহমেদ শেহজাদের ব্যাট থেকে আসে ৬৬ রান। মাঝে সৌম্য, মুশফিক খেলে যান দ্রুতগতির ইনিংস। রিয়াদকে শেষবেলায় সঙ্গ দিয়ে মেহেদী হাসান মিরাজ ১৫ করেন, মাত্র ৬ বল মোকাবিলায়।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতের ম্যাচে টসে জিতেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিদ্ধান্ত নিলেন আগে বোলিং করার। টানা চার হারে বিপর্যস্ত দলটি আজকেও সেরা একাদশে আনল ৪ পরিবর্তন। অন্যদিকে গতবার চমক দেখানো সিলেট এবার হারল চার ম্যাচের সবকটিই। গেল বছর নিজেদের হোম গ্রাউন্ডে ভালো করেছিল সিলেট। তবে এবার দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের মুখ দেখল দলটি। ঘুরে দাঁড়ানোর মিশনে বল হাতে ইনিংসের শুরুতেই সাফল্য পায় সিলেট। তবে মাশরাফি প্রথম ওভারেই বল তুলে দেন আরিফুল হকের হাতে। আরিফুল আস্থার প্রতিদান দেওয়ার বদলে রান খরচ করেন ১১। তবে সিলেত স্ট্রাইকার্সের সাফল্য আসে আগের ৪ ম্যাচে বেঞ্চে বসে থাকা নাইম হাসানের হাত ধরে। নাইমের ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সোজা প্যাভিলিয়নের পথে হাটা শুরু করেন তামিম ইকবাল। ৮ বল খেলা বরিশালের অধিনায়ক ২ রানের বেশি করতে পারেননি। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় তামিমের উইকেট পাওয়া নাইম পরের ওভারে এসে আহমেদ শেহজাদের কাছে দেন ১৫ রান।  তিনে নামা প্রিতম কুমারও বিদায় নিয়েছেন দ্রুতই। রিচার্ড এনগারাভা আরও একবার প্রথম ওভারেই দেখা পান উইকেটের। সার্কেলের মাঝেই নাইমের হাতে সহজ ক্যাচ হয়েছেন ১ রানে থাকা প্রিতম। দ্রুত দুই উইকেট হারানোর পরও ৪৭ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছে ফরচুন বরিশাল। এরপর সৌম্য সরকারকে নিয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দেন শেহজাদ। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য।  ব্যক্তিগত  ২০ রানে সৌম্যর বিদায়ে ভাঙে পঞ্চাশ রানের জুটি। বাউন্ডারির চাহিদায় বড় শট খেলার চেষ্টা করেন সৌম্য, বেনি হাওয়েলের সোজা বল মিস করে হারিয়েছেন স্টাম্প। এরপর মুশফিককে নিয়েও দ্রুতগতির ২৫ রানের জুটি গড়েন শেহজাদ। স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে ৩০ বলে পঞ্চাশ পূর্ণ করেন আহমেদ শেহজাদ। এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ফিফটি পেলেন শেহজাদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেন ৩৯ রানের ইনিংস। ফিফটি হাঁকিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠা শেহজাদকে অবশ্য বেশিক্ষণ তাণ্ডব চালাতে দেননি বেনি হাওয়েল। নিজের বলে ফিরতি ক্যাচ নিয়ে প্যাভিলিয়নের পথ দেখান হাওয়েল। ফেরার আগে ৪১ বলে খেলা শেহজাদের ৬৬ রানের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছয়। বেনি হাওয়েলে এখানেই ক্ষান্ত হননি, নিজের কোটার শেষ ওভারের শেষ বলে শিকার করেন ২২ রানে থাকা মুশফিকুর রহিমের উইকেট। এর ফলে ৪ ওভারে মাত্র ২১ রান খরচায় হাওয়েলের ঝুলিতে ৩ উইকেট।  মাহমুদউল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিরাজ মিলে রিচার্ড এনগারাভার পরের ওভার থেকে তুলে নেন মোট ২১ রান। যা এই ইনিংসের সবচেয়ে খরুচে ওভার। ইনিংসের ১৯তম ওভার করতে আসা রেজাউর রহমান রাজাও খরচ করে যান ১৪ রান। ইনিংসের শেষ ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ একাই তুলে নেন ১৫ রান। এরমাঝেই রিয়াদ ফিফটি ছুঁয়েছেন মাত্র ২৩ বলে, যা এবারের বিপিএলে তার প্রথম অর্ধশতক।  রিয়াদের ক্যামিও ইনিংসে ভর করেই ফরচুন বরিশালের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৮৬ রান।