প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হারিয়ে বিপিএল শুরু। এরপর টানা ১১ হারে বিপিএল ২০২৪ আসর শেষ করল দুর্দান্ত ঢাকা। হারতে হারতে ক্লান্ত ঢাকা হারলও নিজেদের শেষ ম্যাচও। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ঢাকার ইনিংস থামে ১৪৯ রানে। উদ্বোধনী ম্যাচে পাওয়া দুই পয়েন্ট নিয়ে বিপিএল থেকে সবার আগে বাড়ি ফিরল দুর্দান্ত ঢাকা।
পরাজয়ের বৃত্ত থেকে কোনভাবেই বের হতে পারল না তাসকিন, মোসাদ্দেকের দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১১ ম্যাচে তারা দেখল হার। হতাশার সমুদ্রে ডুবেই দলটি শেষ করছে তাদের মিশন। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমের এক ওভারেই জোড়া উইকেট হারিয়ে বসে দুর্দান্ত ঢাকা। অ্যাডাম ম্যাথু রসিংটন ১ রানের বেশি করতে পারেননি। তিনে নামা সাব্বির হোসেন হয়েছেন ডাক। ওপেনার মোহাম্মদ নাইম শেখ অপরদিকে ধুঁকতে থাকেন।অ্যালেক্স রস এসেও ধীরগতির ইনিংস খেলতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারে ২৫ রানের বেশি করতে পারেনি দুর্দান্ত ঢাকা। নাইম-রসের ব্যাটে উইকেট হারানোর ধাক্কা সামলে নিলেও ঢাকার রানের চাকায় গতি আসেনি।শুরুর ১০ ওভারে ২ উইকেট খুইয়ে ৫৪ রান আসে ঢাকার স্কোরবোর্ডে। জয়ের জন্য বাকি দশ ওভারে তাদের করতে হত ১০৬ রান। শহিদুল ইসলাম নিজের প্রথম ওভার করতে এসেই তুলে নেন ২৯ রানে থাকা নাইম শেখকে। ৩৫ বলে কেবল ৮২ স্ট্রাইক রেটে এই ইনিংস খেলে যান ওপেনার নাইম। ভাঙে রসের সঙ্গে গড়া ৫১ রানের জুটি।আগের ম্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া শন উইলিয়ামস আজ অবশ্য করেছেন ৯ রান। তবে এদিন ব্যতিক্রম ছিলেন কেবল অ্যালেক্স রস। ৩৮ বলে এবারের বিপিএলে নিজের চতুর্থ ফিফটি পূর্ণ করেন রস। এই ইনিংস খেলার পথেই তাওহীদ হৃদয়কে টপকে রস দখলে নেন রান সংগ্রাহকদের শীর্ষস্থান। ১১ ম্যাচ খেলা অ্যালেক্স রসের রান এখন ৩৫২, গড় ৩৯.১১। ফিফটি হাঁকানোর পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই ইংলিশ ব্যাটার। ব্যক্তিগত ৫৫ রানের ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত আর ইরফান শুক্কুর মিলে কেবল হারের ব্যবধান কমিয়েছেন। ১৮ বলে ২৯ রান নিয়ে অপরাজিত থাকেন মোসাদ্দেক। অপরদিকে ইরফানের ব্যাট থেকে ৮ বলে আসে ১৪ রান। ৫ উইকেট খুইয়ে ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস। দশ রানের রোমাঞ্চকর জয়ে পয়েন্ট টেবিলের চারে ওঠে আসল শুভাগত হোমের দল। তিনে থাকা বরিশালের সাথে তাদের ব্যবধান কেবল রান রেটের।