সাকিবের ফিরে আসা অনুপ্রেরণা হিসেবে দেখছেন সোহান
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoসাকিবের ফিরে আসা অনুপ্রেরণা হিসেবে দেখছেন সোহান
সাকিবের ফিরে আসা অনুপ্রেরণা হিসেবে দেখছেন সোহান
জয়ের ধারায় রংপুর রাইডার্স নিজেদের আসন পেতে নিয়েছে। সেখানে আজ আবার যোগ হয়েছে সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরর্ম্যান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), দিনের প্রথম ম্যাচে দুরন্ত ঢাকার জন্য ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় রংপুর। জবাবে ১১৫ রানেই গুটিয়ে যায় ঢাকা। ব্যাট হাতে ৩৪ (২০) রান, বল হাতে ১৬ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করা সাকিব জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান কথা বলেছেন সাকিব সম্পর্কে।
সাকিব ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ ছিলেন। এমনকি যেখানে নামার কথা, সেখানেও তিনি নামেননি আগের ম্যাচগুলোতেও। আজকে একেবারে তিন নম্বরে ব্যাট করতে নামলেন। ওপেনিংয়ে ভালো শুরুর পর সাকিবের ব্যাটেও ভরসা পেল রংপুর। তিনে নামা প্রসঙ্গে সোহান বলছিলেন,“দেখেন, আগে থেকে কথা হচ্ছিল। সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিল একটু সময় নিয়ে, যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করতেছিল। আল্টিমেটলি আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিল।''সোহান জানান, শেষ দিনের অনুশীলনে সাকিব নিজেই বলেছেন, তিনে ব্যাটিং করার ব্যাপারে। আর এই আগ্রহের প্রতি দলের ম্যানেজমেন্ট সমর্থন দিয়েছে। আজকে ৩ ছক্কা ও ১ চারে সাজানো ৩৪ রানের ইনিংসে ব্যাট হাতে সফলই বলতে হয় সাকিবকে। শুধু ব্যাট হাতে নয়, বল হাতে বরাবরের মতো আজকেও পারফর্ম করেছেন সাকিব। ঢাকাকে ১১৫ রানে গুটিয়ে দিতে, দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন তিনি। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৬ রান। সাকিবের এই ফেরা অনুপ্রেরণা হিসেবে দেখছেন রংপুর অধিনায়ক সোহান।
“সত্যি করে বলতে আলহামদুলিল্লাহ। সাকিব ভাই যেভাবে দলের প্রতি নিবেদিত ছিলেন, নিজের প্রতি নিবেদিত ছিলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস। সে যেভাবে চেষ্টা করতেছিল, আলহামদুলিল্লাহ! ভালো খেলছে।''“দেখেন এই সময়ে এসে আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে। অনেক কিছু পাইছে, আমার কাছে মনে হয় উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করতেছিল, ব্যক্তিগতভাবে অনুশীলন বলেন, সব কিছু মিলিয়ে আপনারা জানেন উনি সংগ্রাম করতেছিল কিছু কারণে। কিন্তু ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা করতেছিল, আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার।''
