রুদ্ধশ্বাস ম্যাচে মোহামেডানেকে হারিয়ে সুপার লিগে শেখ জামাল
97 Repoter: 97admin
Publish: messages.not_available Update: 1 second agoরুদ্ধশ্বাস ম্যাচে মোহামেডানেকে হারিয়ে সুপার লিগে শেখ জামাল
রুদ্ধশ্বাস ম্যাচে মোহামেডানেকে হারিয়ে সুপার লিগে শেখ জামাল
আগেই সুপার লিগ নিশ্চিত হয়েছিল মোহামেডানের, আজকের ম্যাচ তাই শেখ জামালের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে লড়াই করেই জয় তুলে নিল ধানমন্ডির এই ক্লাবটি। প্রথমে ব্যাট করে মোহামেডানের দেওয়া ৩৪০ রানের পাহাড়সম লক্ষ্য ২ বল ও ১ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল শেখ জামাল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নাম্বার মাঠে আজ ছিল রান বন্যার ম্যাচ। সকালে টসে জিতে মোহামেডান ক্রীড়া চক্রকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান শেখ জামাল কাপ্তান রাজিন সালেহ। মোহামেডান ওপেনার শামসুর রহমান ও সৈকত আলির ব্যাটে ভাল শুরু পায় সাদাকালোরা, ৭৬ রানে সৈকত আউট হওয়ার পর ব্যাটসম্যান রনি তালুকদারের সাথে ১৭৩ রানের জুটি গড়ে শামসুর রহমান ও রনি তালুকদার দুজনেই তুলে নেন সেঞ্চুরি। রনি ১১০ রান করে আউট হলেও ১৪৪* রানে অপরাজিত থাকেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। মোহামেডান পায় ৩৩৯/৫ রানের বিশাল সংগ্রহ। শেখ জামালের হয়ে ইলিয়াস সানি ও আবদুল্লাহ আল মামুন ২ টি করে উইকেট নেন। ৩৪০ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ ভালোই করেন ফজলে মাহমুদ ও ইন্ডিয়ান ব্যাটসম্যান প্রশান্ত চোপড়া। দলীয় ৫৮ ও ব্যাক্তিগত ২৮ রান করে ফজলে আউট হওয়ার পর কোন রান না করেই ফিরে যান আবদুল্লাহ আল মামুনও। ৫৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও চোপড়া ও সোহাগ গাজীর ৯৬ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে শেখ জামাল। চোপড়া ৬০ বলে ৮৬ করে আউট হলে ভাঙে এই জুটি। গাজীও দাঁড়াতে পারেননি বেশিক্ষণ! ৮৯ রানের ইনিংসটি খেলতে তিনি খরচ করেন ৬৪ বল, যেখানে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। শেষ দিকে এসে লেগ স্পিন অলরাউন্ডার তানবির হায়দারের সাথে ইলিয়াস সানির দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ বল ও ১ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় শেখ জামাল। মোহামেডানের হয়ে মোহাম্মদ আজিম ৪ ও তাইজুল ইসলাম নেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোরঃ মোহামেডান ক্রীড়া চক্র ৩৩৯/৫ (৫০ ওভার), শামসুর রহমান ১৪৪*, রনি তালুকদার ১১০, সৈকত আলি ৩৯, আবদুল্লাহ আল মামুন ২/৩১, ইলিয়াস সানি ২/৬৬ শেখ জামাল ৩৪৩/৯ (৪৯.৪ ওভার) সোহাগ গাজী ৮৯, প্রশান্ত চোপড়া ৮৬, তানবির হায়দার ৭৭। মোহাম্মদ আজিম ৪/৭০, তাইজুল ২/৭৬, এনামুল হক জুনিঃ ২/৬১ শেখ জামাল ১ উইকেটে জয়ী। ম্যাচসেরাঃ শামসুর রহমান (মোহামেডান)
