হৃদয়, আলিসকে নিয়ে প্রশংসা বন্যা মইন আলির মুখে
হৃদয়, আলিসকে নিয়ে প্রশংসা বন্যা মইন আলির মুখে
হৃদয়, আলিসকে নিয়ে প্রশংসা বন্যা মইন আলির মুখে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পুরনো খেলোয়াড় মইন আলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লার হয়ে খেলতে পছন্দ করেন তিনি। দেরিতে আসায় এবারের বিপিএলে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে এসেই ব্যাট হাতে ২৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। আজ চট্টগ্রামে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মইন। কথা বলেছেন কুমিল্লার হয়ে খেলা বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে।
বিপিএলের এবারের আসরকে কিছুটা আলাদা মনে করছেন ইংলিশ অলরাউন্ডার মইন। আসরের মাঝপথে অনেক খেলোয়াড়েরা আসছে, ফলে ভালো খেলোয়াড়ের আধিক্য দেখা গেছে তুলনামূলক। অর্থের ব্যাপারেও বললেন এই অলরাউন্ডার। এত বেশি লিগ হচ্ছে চারিদিকে, ফলে যেখানে অর্থ বেশি সেখানেই খেলোয়াড়েরা যাবে। আবার খেয়াল রাখতে হবে সুস্থতার প্রতিও। বাংলাদেশ সকলকেই আকর্ষণ করে। মইনের মতে, বেশিরভাগ খেলোয়াড়ের কাছেই বাংলাদেশ দারুণ জায়গা। ‘রহস্য স্পিনার’ আলিস আল ইসলামকে নিয়ে মন্তব্য করেছেন মইন। কুমিল্লার হয়ে শেষভাগে দলে ঢুকেছেন। সেখান থেকে জায়গা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি দলে। মইন বলেন,“সে খুবই ভালো বোলার। স্কিলফুল বোলার। আমি তাকে একবারই দেখেছি। তবে তাকে দেখে আমি মুগ্ধ। লেগ স্পিনারও (রিশাদ) খুব ভালো। তারা বাংলাদেশের বেশ তরুণ স্পিনার। আমি আশা করছি তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলবে। দলে একজন রহস্য স্পিনার থাকার অনেক সুবিধা, আর বাংলাদেশ তো একজন লেগ স্পিনারের জন্য মুখিয়ে আছে। তবে অবশ্যই, তাদের আরও সময় দিতে হবে।”তানভীর ইসলাম দীর্ঘদিন থেকে কুমিল্লার হয়ে খেলে যাচ্ছে। তাকে নিয়েও মইনের ধারণা ইতিবাচক। বললেন, উন্নতি করে যাওয়ার কথা। তাওহীদ হৃদয় সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন কুমিল্লার হয়ে। খেলেছেন শত রানের ইনিংস, সর্বশেষ ম্যাচেও ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। হৃদয়ের প্রশংসায় সবাই ভাসছে। মইনের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন,
“হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। গতবার ওর বিপক্ষে খেলেছিলাম। সেবার সে অনেক রান না করলেও বুঝতে পেরেছিলাম সে ভালো ক্রিকেটার। সে খুব বড়সড় মানুষ নয়, কিন্তু অনেক মারতে পারে। অবশ্যই ভালো টাইমিং এবং টেকনিকের কারণে। সে টপ খেলোয়াড় হতে যাচ্ছে।”
