কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন বিপিএল মাতাতে এখন বাংলাদেশে। চলমান বিপিএলের বাকি অংশ তারা কুমিল্লার জার্সিতে খেলবেন। মইন আলি, উইল জ্যাকস, জনসন চার্লসদের সাথে নারাইন-রাসেলের যুক্ত হওয়া কুমিল্লার স্কোয়াড করল আরও শক্তিশালী।
এক বিবৃতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, 'ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনিল নারায়ন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন।'আজ সকালেই ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে এসে পৌঁছান রাসেল-নারাইন। চট্টগ্রাম পর্বের কুমিল্লার বাকি দুই ম্যাচ খেলতে ঢাকা থেকে ধরেছেন চট্টগ্রামের বিমান। বিপিএলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে লিটন দাসের দল। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলা দলটি জয় পেয়েছে ৭টিতে। শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই তারা পেয়েছে জয়ের স্বাদ। লিগ পর্বে বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটি খেলবে তারা চট্টগ্রামে। আগামী ১৯ ফেব্রুয়ারি, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের পরবর্তী ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে। এই ম্যাচ দিয়েই মাঠে নামতে পারেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। পরদিনও কুমিল্লার ম্যাচ রয়েছে, প্রতিপক্ষ হিসাবে পাবে টেবিল টপার রংপুর রাইডার্সকে।