বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই সিলেট ঘুরে এবার চট্টগ্রামের মাঠে। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্টে দলকে জেতাতে পারেননি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হারের হতাশা ঘুচাতে মরিয়া টাইগাররা জয়ে রাঙিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায়।
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডের মিশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দু'দল মুখোমুখি হবে আজ বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াই’টায়। টসে জিতলেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস, সিদ্ধান্ত জানালেন আগে ব্যাট করার। বাংলাদেশের সেরা একাদশে দুই স্পিনারের সাথে খেলছে তিন পেসার। প্রায় ৩ মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। নেপিয়ারে গত বছর ডিসেম্বরেই সবশেষ ফিফটি ওভার ক্রিকেট খেলেছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে রেকর্ডটা বেশ খারাপ বাংলাদেশের। ওয়ানডে বিশ্বকাপের আগে ও পড়ে খেলা দুইটি সিরিজই হেরেছে টাইগাররা। তবে আছে সুখস্মৃতিও, নেপিয়ারে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশে চার পেসারের তোপে স্বাগতিকরা টিকেছে স্রেফ ৩১.৪ ওভার, রান করতে পারে কেবল ৯৮।যাদের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচে পাত্তা পায়নি বাংলাদেশ। তাদের কি না কেবল ৯৮ রানে অলআউট করে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার অবশ্য বদলেছে প্রতিপক্ষ, শ্রীলঙ্কার জন্যও লড়াইটা সহজ হবে না।