টেবিল টপার রংপুর রাইডার্সের টানা পাঁচ জয়। রেজা হেনড্রিক্স, জিমি নিশাম বিপিএলে নেমেই পেয়েছেন পঞ্চাশ। সাথে সাকিব, সোহানের ক্যামিও ইনিংসে রংপুর পায় ২১১ রানের পাহাড়সম সংগ্রহ। এরপর বল হাতেও সাকিবরা দেখাতে থাকেন চমক। রংপুরের জার্সিতে বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা ইমরান তাহির প্রথম বলেই পান উইকেটের দেখা। এভাবেই একের পর এক উইকেট হারিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ হারে ৫৩ রানে।
২১২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের শুরুটা যেমন হওয়ার দরকার ছিল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা করল তার পুরো বিপরীত। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব আল হাসান অ্যাকশনে আসতেই স্টাম্প ভাঙে জশ ব্রাউনের। পাওয়ার প্লেতে চট্টগ্রাম পায় কেবল ৩৭ রান। নিজের প্রথম ওভারে দুই রান খরচ করে ব্রাউনকে বোল্ড করা সাকিব পরের ওভারে এসে রান দেন কেবল ৩। ইনিংসের ৮ম ওভারে ইমরান তাহিরকে এনে আরও এক ব্রেকথ্রু পায় রংপুর। টুর্নামেন্টে নিজের প্রথম ডেলিভারিতেই তাহির শিকার করেন ১৪ রানে থাকা টম ব্রুসের উইকেট। দ্বিতীয় ওভারে উইকেটশূন্য থাকলেও তৃতীয় ওভারে উইকেট শিকার করতে আর ভুল করেননি সাকিব। এবার তার বলে ক্যাচ তুলে সাজঘরে যান শাহাদাত হোসেন দিপু। ১৩ বল খেলা শাহাদাত দিপু এদিন ৯ রানের বেশি করতে পারেননি। টিকে থাকা চট্টগ্রামের ওপেনার সৈকত আলি এরপর সঙ্গী হিসেবে পান কুর্টিস ক্যাম্ফারকে। এই জুটিতে অবশ্য কিছুটা হলেও স্বস্তি ফিরে চ্যালেঞ্জার্স শিবিরে। তবে ক্যাম্ফার-সৈকত জুটি যখন পঞ্চাশ পেরিয়ে ৫৮ রানে, তখন রংপুরকে উইকেট এনে দেন জিমি নিশাম। যা বিপিএল ক্যারিয়ারে নিশামের প্রথম উইকেট। ক্যাম্ফারের বিদায়ের আগেই সৈকত আলি পূর্ণ করেছেন পঞ্চাশ। ৪২ বলে আসরের প্রথম ফিফটির দেখা পেলেন সৈকত। বল হাতেও এদিন সাকিব হয়ে ওঠেন জাদুকর। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় সাকিব শিকার করেন ২ উইকেট। নিজের প্রথম ওভারে এসেই বোল্ড করে জশ ব্রাউনকে। এরপর ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান শাহাদাত হোসেন দিপুকে। সাকিবের অলরাউন্ড পারফর্ম্যান্সের দিনে সহজ জয়ের সুবাস পেতে শুরু করে রংপুর রাইডার্স। শেষপর্যন্ত ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম করতে পারে ১৫৮ রান। ৫৩ রানের বড় জয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল রংপুর রাইডার্স।
এর আগে ব্যাটারদের তাণ্ডবে মিরপুরে রীতিমতো উড়েছে রংপুর রাইডার্স। প্রথম রনি-হেনড্রিক্সের উদ্বোধনী জুটিতে শুরু, এরপর সাকিব আল হাসান এসে বাড়িয়ে দিয়ে যান রানের গতি। সকালে বাংলাদেশে এসে দুপুরে ম্যাচ খেলতে নেমেই রংপরের প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্সের বাজিমাত, বিপিএলে অভিষেক ইনিংসেই হেনড্রিক্সের পঞ্চাশ। ফিনিশিংয়ে অনবদ্য শো দেখান জিমি নিশাম ও নুরুল হাসান সোহান। আর তাতেই এবারের আসরে প্রথম দল হিসাবে রংপুর পেরিয়ে যায় দুইশো রানের সংগ্রহ।২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রংপুর রাইডার্সের রান ২১১। ফিনিশিংয়ে ঝড় তুলেন জিমি নিশাম। ২৬ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস। সোহানের সাথে গড়েছেন ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি, যা আসে কেবল ৪৬ বলে। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিশাম পূর্ণ করেন ফিফটি। এছাড়া অধিনায়ক সোহানের ব্যাট থেকে আসে ৩১* রান।