ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ঠিকানায় সাকিব আল হাসান। মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন সাকিব। আগেই দলটির সাথে চুক্তি সম্পন্ন হয় সাকিবের, আজ আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে নতুন দলে গেলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
দেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল চলছে অনলাইনে। ঢাকা প্রিমিয়ার লিগের আগামী দুই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন সাকিব আল হাসান। ২০২১-২২ মৌসুমে মোহামেডানের সাথে যুক্ত হয়েছিলেন সাকিব। গত তিন মৌসুমে সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন মোহামেডানের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আর ব্যক্তিগত কারণে নিয়মিত মোহামেডানের হয়ে খেলতে পারেননি। তাঁর দলও ভালো করেনি। গত বছর মোহামেডান জানিয়ে দেয়, সাকিব আর তাদের দলে খেলছেন না।ইয়াসির আলী চৌধুরি রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতান অনলাইনের মাধ্যমে নতুন করে যুক্ত হয়েছেন শেখ জামালে। তবে এবারও প্রাইম ব্যাংকে খেলবেন পঞ্চপাণ্ডবের দুজন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আগের আসরে আবাহনীর হয়ে টুর্নামেন্ট মাতানো তাওহীদ হৃদয় এবারও থাকছেন একই ঠিকানায়। নতুন মৌসুম সামনে রেখে দলবদলের প্রথম দিন অংশ নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব। বাকি দলগুলো কাল শেষদিন দল গোছানোর আনুষ্ঠানিকতা শেষ করবে। তবে এ মৌসুম থেকে ঢাকা লিগে খেলবেন না কোনো বিদেশি ক্রিকেটার। সম্পূর্ন দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াবে ঢাকা লিগ।