হাথুরু ভুল করলে ব্যবস্থা নেবে বিসিবি, 'অবশ্যই শোকজ করা হবে'
হাথুরু ভুল করলে ব্যবস্থা নেবে বিসিবি, 'অবশ্যই শোকজ করা হবে'
হাথুরু ভুল করলে ব্যবস্থা নেবে বিসিবি, 'অবশ্যই শোকজ করা হবে'
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি আসর নিয়ে রয়েছে নানা প্রশ্ন, নানা বিতর্ক, আলোচনা কিংবা সমালোচনা। এবার সে পালে হাওয়া দিলেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, করেছেন বিস্ফোরক মন্তব্য। হাথুরুর বক্তব্যের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ বলেন, তিনি এখনও হাথুরুসিংহের দেওয়া সেই সাক্ষাৎকার দেখেননি। বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে হাথুরুর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে বিসিবি।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ হাথুরুসিংহে বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনের রিমোটের বাটন চাপতে চাপতে বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সেই বক্তব্যের ইস্যুতে আজ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমের সামনে কথা বলে জানান,'আমি প্রথম কথাটা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। দ্বিতীয় কথা, একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, পূর্ব অনুমতি ছাড়া। কোনো প্রকার ক্ষমতা ছাড়া। বিশেষ করে এই ধরণের (জায়গায়) যারা আছেন, কোচ, সিলেক্টর বা খেলোয়াড়, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে' 'এখন প্রথমে আমার জানতে হবে, আপনারা যেটা বলেছে, সেটায় আসলে কী বলেছে। সেটা যদি আমি না জানি, তাহলে সেটা নিয়ে মন্তব্য করা কঠিন। যেটা নিয়ে এখনি যাচ্ছি আবার বিসিবিতে। আমি শুধু এটাই জেনে চলে আসছিলাম। দ্বিতীয় হচ্ছে, অনুমতি নেওয়া হয়েছে কিনা। আর যদি নেওয়া হয়ে থাকে, তবে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে।' 'এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব। প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।'
